You are currently viewing ২১ কোটি টাকার স্কয়ার ফার্মা শেয়ার কেনার ঘোষণা পরিচালক রত্না পাত্রের

২১ কোটি টাকার স্কয়ার ফার্মা শেয়ার কেনার ঘোষণা পরিচালক রত্না পাত্রের

শেয়ারবাজার থেকে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের (স্কয়ার ফার্মা) ১০ লাখ শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন কোম্পানিটির পরিচালক ও ভাইস চেয়ারম্যান রত্না পাত্র।

আজ বৃহস্পতিবার দেশের দুই স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে প্রকাশিত ঘোষণার মাধ্যমে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

স্টক এক্সচেঞ্জে দেওয়া তথ্য অনুযায়ী, আগামী ৩০ কার্যদিবসের মধ্যে মূল বাজার ও ব্লক মার্কেট—দুই মাধ্যম ব্যবহার করে স্কয়ার ফার্মার ১০ লাখ শেয়ার কিনবেন রত্না পাত্র।

এর আগে গত ৬ জানুয়ারি স্কয়ার ফার্মার ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী বাজার থেকে কোম্পানিটির ২০ লাখ শেয়ার কেনার ঘোষণা দেন। ঘোষণার শর্ত অনুযায়ী, তিনিও ৩০ কার্যদিবসের মধ্যে শেয়ার কেনা সম্পন্ন করবেন। সেই সময়সীমা এখনও শেষ হয়নি। এর মধ্যেই কোম্পানিটির আরেক পরিচালক রত্না পাত্র নতুন করে শেয়ার কেনার ঘোষণা দিলেন।

রত্না পাত্র ও তপন চৌধুরী সম্পর্কে ভাই–বোন। তাঁরা দুজনই স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত স্যামসন এইচ চৌধুরীর সন্তান। বাবার মৃত্যুর পর বর্তমানে স্কয়ার গ্রুপের ব্যবসায়িক নেতৃত্ব পুরোপুরি তাঁদের হাতেই রয়েছে।

এদিকে আজ বৃহস্পতিবার লেনদেন শুরুর প্রথম দুই ঘণ্টার মধ্যেই ঢাকার শেয়ারবাজারে স্কয়ার ফার্মার প্রতিটি শেয়ারের দাম বেড়ে ২১০ টাকা ৫০ পয়সায় দাঁড়ায়। এই দামে রত্না পাত্রের ঘোষণাকৃত ১০ লাখ শেয়ারের মোট বাজারমূল্য প্রায় ২১ কোটি টাকা

এর আগে তপন চৌধুরীর ২০ লাখ শেয়ার কেনার ঘোষণার সময় বাজারমূল্য ছিল আনুমানিক ৪০ কোটি টাকা। ফলে মাত্র ৯ দিনের ব্যবধানে স্কয়ার পরিবারের দুই সদস্যের পক্ষ থেকে কোম্পানিটির প্রায় ৬১ কোটি টাকার শেয়ার কেনার ঘোষণা এলো।

কোম্পানির এমডি ও পরিচালকের শেয়ার কেনার ঘোষণার প্রভাবে আজও ঢাকার বাজারে স্কয়ার ফার্মার শেয়ারের দাম দেড় টাকা বা প্রায় ১ শতাংশ বেড়েছে।

আর্থিক পারফরম্যান্সের দিক থেকেও স্কয়ার ফার্মা শক্ত অবস্থানে রয়েছে। ২০২৪–২৫ অর্থবছর শেষে কোম্পানিটি সম্মিলিতভাবে ২ হাজার ৩৯৭ কোটি টাকার রেকর্ড মুনাফা অর্জন করে। এই মুনাফা থেকে শেয়ারধারীদের মধ্যে ১ হাজার ৬৪ কোটি টাকা লভ্যাংশ বিতরণ করা হয়। একই সঙ্গে ওই অর্থবছরের জন্য রেকর্ড ১২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে কোম্পানিটি।

ডিএসইর তথ্য অনুযায়ী, গত এক বছরে স্কয়ার ফার্মার শেয়ারের দাম বর্তমানে তুলনামূলক কম অবস্থানে রয়েছে। এই সময়ের মধ্যে শেয়ারের সর্বোচ্চ দাম ছিল ২৩২ টাকা

Leave a Reply