You are currently viewing টানা দ্বিতীয় দিন সোনার দাম কমলো, আজ ভরিতে কমেছে ২,২১৬ টাকা

টানা দ্বিতীয় দিন সোনার দাম কমলো, আজ ভরিতে কমেছে ২,২১৬ টাকা

দেশের বাজারে টানা দ্বিতীয় দিনের মতো কমেছে সোনার দাম। ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট সোনার ভরি প্রতি মূল্য আজ আরও ২ হাজার ২১৬ টাকা কমানো হয়েছে।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, মঙ্গলবার সকাল ১০টা থেকে নতুন দর কার্যকর হয়েছে। তবে রুপার দামে কোনো পরিবর্তন আনা হয়নি।

নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেট সোনার প্রতি ভরি এখন ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা। ২১ ক্যারেটের ভরি ২ লাখ ৩১ হাজার ৪৭২ টাকা, ১৮ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ৪০৪ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার ভরি ১ লাখ ৬১ হাজার ৬০৪ টাকায় নির্ধারণ করা হয়েছে। এর সঙ্গে ৫ শতাংশ ভ্যাট যোগ হবে।

এর আগে সোমবারও একই পরিমাণে দাম কমানো হয়েছিল। তখন ২২ ক্যারেট সোনার ভরি ছিল ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা। নতুন সিদ্ধান্তে সব ক্যাটাগরিতেই মূল্য কমেছে।

বিশ্ববাজারে দরপতনের প্রভাবেই দেশের বাজারে সোনার দাম কমানো হয়েছে। আন্তর্জাতিক তথ্য অনুযায়ী, প্রতি আউন্স সোনার দাম ৪,৬৬৭ ডলার থেকে কমে ৪,৬০২ ডলারে নেমে এসেছে, অর্থাৎ ৬৫ ডলার হ্রাস পেয়েছে। গত ৩০ দিনে আউন্সপ্রতি দাম কমেছে প্রায় ৫৪ ডলার।

বিশেষজ্ঞরা বলছেন, ইরান-ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের উত্তেজনার পরও বৈশ্বিক বাজারে সোনার মূল্য কিছুটা কমেছে, কারণ আগে থেকেই দাম অনেক বেশি ছিল। ২০২৫ সালে বিশ্ববাজারে সোনার দাম ৭০ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছিল।

অন্যদিকে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেট রুপার ভরি এখন ৫ হাজার ৪৮২ টাকা।

উল্লেখ্য, গত জানুয়ারিতে আন্তর্জাতিক বাজারে সোনার দাম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছালে দেশের বাজারেও রেকর্ড সৃষ্টি হয়। তখন ভরিপ্রতি সোনার দাম ২ লাখ ৮৬ হাজার টাকায় উঠে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ ছিল।

Leave a Reply