ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) হিসেবে প্রথমবারের মতো একজন নারী কর্মকর্তা নিয়োগ পেয়েছেন—শামীমা পারভীন। তিনি খুলনা-৩ আসনের সংসদ সদস্য ও সরকারি দলের হুইপ রকিবুল ইসলাম-এর স্ত্রী।
বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে শামীমা পারভীনসহ পুলিশের মোট ১২ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে দেশের বিভিন্ন স্থানে বদলি করা হয়েছে। এদের মধ্যে ছয়জন পুলিশ সুপার (এসপি) এবং ছয়জন অতিরিক্ত উপমহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন।
প্রজ্ঞাপন অনুযায়ী, পুলিশ অধিদপ্তরে কর্মরত শামীমা পারভীনকে ঢাকা জেলার এসপি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে মো. মিজানুর রহমান-কে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর এসপি, মোহাম্মদ হাছান চৌধুরী-কে চট্টগ্রাম রেঞ্জে এবং হাসান মোহাম্মদ নাছের রিকাবদার-কে বাগেরহাট জেলার এসপি হিসেবে পদায়ন করা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব তৌছিফ আহমেদ। এতে বলা হয়েছে, জনস্বার্থে এ বদলি আদেশ অবিলম্বে কার্যকর হবে।
