পাকিস্তানের করাচিতে একটি বহুতল শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজনের প্রাণহানি হয়েছে এবং দগ্ধ ও আহত হয়েছেন ২০ জনের বেশি। আহতদের দ্রুত হাসপাতালে পাঠিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।
রোববার (১৮ জানুয়ারি) পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য ডন এক প্রতিবেদনে জানায়, শনিবার গভীর রাতে করাচির জিন্নাহ রোডে অবস্থিত ‘গুল প্লাজা’ নামের বহুতল ভবনে হঠাৎ করে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় ভবনের ভেতরে বহু মানুষ আটকা পড়েন।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দীর্ঘ সময়ের চেষ্টায় দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও ভবনের অধিকাংশ দোকান পুড়ে যায়। কসমেটিকস, পোশাক, ইলেকট্রনিক সামগ্রীসহ বিভিন্ন দোকানে আগুনের তীব্রতা ব্যাপক ক্ষয়ক্ষতি সৃষ্টি করে।
ঘটনায় শোক প্রকাশ করেছেন সিন্ধ প্রদেশের গভর্নর কামরান তেসরি। এক বিবৃতিতে তিনি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রীও দুঃখ প্রকাশ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দুর্ঘটনাস্থল এলাকায় যান চলাচল স্বাভাবিক রাখতে বিকল্প সড়ক ব্যবহারের ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, ভবনের নিচতলার একটি দোকানে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ নির্ধারণে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
