You are currently viewing বিকাশ, রকেট ও নগদে ১ হাজার টাকার বেশি লেনদেন বন্ধে আসছে নতুন নির্দেশনা

বিকাশ, রকেট ও নগদে ১ হাজার টাকার বেশি লেনদেন বন্ধে আসছে নতুন নির্দেশনা

নির্বাচন সামনে রেখে এমএফএস ও ইন্টারনেট ব্যাংকিং লেনদেনে কড়াকড়ি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মোবাইল ব্যাংকিং সেবা (এমএফএস) সীমিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে বিকাশ, রকেট ও নগদসহ সব মোবাইল ব্যাংকিং সেবার গ্রাহকেরা দিনে সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত লেনদেন করতে পারবেন। প্রতিটি লেনদেনের সর্বোচ্চ সীমা নির্ধারণ করা হয়েছে এক হাজার টাকা।

এ ছাড়া ব্যাংকিং চ্যানেলে অ্যাপ ও ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করে ব্যক্তি থেকে ব্যক্তি টাকা স্থানান্তর সাময়িকভাবে বন্ধ রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। নির্বাচনকালীন সময় অর্থাৎ আগামী ৮ থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত এসব সেবায় বিধিনিষেধ কার্যকর থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের দায়িত্বশীল সূত্র।

ভোটারদের প্রভাবিত করতে অর্থের অপব্যবহার ঠেকাতে নির্বাচন কমিশনের অনুরোধে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এই উদ্যোগ নিয়েছে। পরিকল্পনাটি বাস্তবায়নে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ব্যাংক। পরিস্থিতি বিবেচনায় লেনদেনের সীমা কমবেশি হতে পারে বলেও জানা গেছে।

ইতিমধ্যে নগদ অর্থ উত্তোলনের ওপর নজরদারি আরও জোরদার করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা মনে করছেন, এসব পদক্ষেপের ফলে নির্বাচনের সময় অর্থের অনিয়ম ও অপব্যবহার উল্লেখযোগ্যভাবে কমবে। তবে প্রার্থীরা ঘোষিত নিয়ম অনুযায়ী নির্বাচনী ব্যয় করতে পারবেন এবং সমর্থকেরা আইন অনুযায়ী সহায়তা দিতে পারবেন।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, নির্বাচন কমিশনের চাহিদার ভিত্তিতে অর্থ লেনদেন সীমিত করার কাজ চলমান রয়েছে। চলতি সপ্তাহের মধ্যেই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।

নতুন লেনদেন সীমা কী থাকছে

বর্তমানে এমএফএস গ্রাহকেরা দিনে সর্বোচ্চ ৫০ হাজার টাকা এবং মাসে তিন লাখ টাকা পর্যন্ত লেনদেন করতে পারেন। এক দিনে সর্বোচ্চ ৫০ বার ও মাসে ১০০ বার লেনদেনের সুযোগ রয়েছে। তবে নির্বাচনের সময় ৮ থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত একজন গ্রাহক দিনে সর্বোচ্চ ১০ হাজার টাকা এবং সর্বোচ্চ ১০ বার লেনদেন করতে পারবেন—এমন প্রস্তাব দিয়েছে বিএফআইইউ।

অন্যদিকে, ব্যাংকের অ্যাপ ও ইন্টারনেট ব্যাংকিং সেবার মাধ্যমে ব্যক্তি গ্রাহকেরা প্রতিদিন সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত লেনদেন করতে পারেন। নির্বাচনকালীন সময়ে এই ব্যক্তি থেকে ব্যক্তি টাকা স্থানান্তর সেবা সাময়িকভাবে বন্ধ রাখার বিষয়টি বাংলাদেশ ব্যাংক ইতিবাচকভাবে বিবেচনা করছে।

নগদ লেনদেনে বাড়ছে তদারকি

১১ জানুয়ারি থেকে নগদ অর্থ জমা ও উত্তোলনের ওপর নজরদারি আরও কড়াকড়ি করা হয়েছে। কোনো হিসাবে এক দিনে ১০ লাখ টাকা বা তার বেশি নগদ জমা বা উত্তোলন হলে সংশ্লিষ্ট ব্যাংককে বিএফআইইউর কাছে নগদ লেনদেন প্রতিবেদন (সিটিআর) জমা দিতে হবে। নির্দেশনা লঙ্ঘন হলে অর্থ পাচার প্রতিরোধ আইনে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

Leave a Reply