You are currently viewing দেশ পরিচালনায় একমাত্র অভিজ্ঞ দল বিএনপি: তারেক রহমান

দেশ পরিচালনায় একমাত্র অভিজ্ঞ দল বিএনপি: তারেক রহমান

দেশ পরিচালনায় একমাত্র অভিজ্ঞ দল বিএনপি: তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ এখন দেখতে চায়—কোন রাজনৈতিক দল দেশ ও জনগণের জন্য কী পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। বিএনপি জনগণের সামনে সুস্পষ্ট পরিকল্পনা উপস্থাপন করেছে এবং বর্তমান সময়ে একমাত্র বিএনপিরই দেশ পরিচালনার বাস্তব অভিজ্ঞতা রয়েছে।

শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের পাইকপাড়া এলাকায় বিসিক শিল্পপার্কে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, বিএনপি সব ধর্ম, বর্ণ ও শ্রেণির মানুষকে নিয়ে শান্তিপূর্ণভাবে বসবাসে বিশ্বাস করে। আমাদের রাজনীতির মূল কেন্দ্রবিন্দু মানুষ—ধর্ম বা জাতপাত নয়। জনগণের সরকার প্রতিষ্ঠা করতে পারলেই দেশের প্রকৃত সমস্যাগুলোর টেকসই সমাধান সম্ভব।

তিনি বলেন, গত ১৬–১৭ বছরে রাজনৈতিক অধিকার আদায়ের সংগ্রামে বহু মানুষ নির্যাতনের শিকার হয়েছে, পঙ্গুত্ববরণ করেছে, এমনকি জীবনও দিয়েছে। এসব আত্মত্যাগের মূল্য দিতে হলে শুধু সভা নয়, ভোটের মাধ্যমে জনগণকে সোচ্চার হতে হবে।

সিরাজগঞ্জ ও পাবনার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, এ অঞ্চলে কৃষি ও ক্ষুদ্র শিল্পের বিপুল সম্ভাবনা রয়েছে। কৃষির পাশাপাশি শিল্পখাত সম্প্রসারণ করে তরুণদের জন্য ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। উত্তরাঞ্চলে কৃষিনির্ভর শিল্প গড়ে তোলার মাধ্যমে স্থানীয় যুবসমাজের ভবিষ্যৎ নিশ্চিত করা হবে।

তাঁতশিল্প প্রসঙ্গে বিএনপির চেয়ারম্যান বলেন, সিরাজগঞ্জ–পাবনা অঞ্চল তাঁত ও লুঙ্গি শিল্পের জন্য পরিচিত। পরিকল্পিত উদ্যোগ নিলে এই শিল্পের পণ্য বিশ্ববাজারে ছড়িয়ে দেওয়া সম্ভব, আর বিএনপি সরকার সেটিই করবে।

নারী ক্ষমতায়নের বিষয়ে তিনি বলেন, দেশনেত্রী খালেদা জিয়ার সময় নারী শিক্ষায় যুগান্তকারী উদ্যোগ নেওয়া হয়েছিল। আগামীর বিএনপি সরকার নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে ‘ফ্যামিলি কার্ড’ চালুর মাধ্যমে গৃহিণীদের সহায়তা দেবে।

কৃষকদের উদ্দেশে তিনি বলেন, কৃষক ভালো থাকলে দেশ ভালো থাকবে। কৃষকদের জন্য বীজ ও সার সহজলভ্য করা হবে এবং কৃষক কার্ড চালু করা হবে।

তরুণ সমাজ নিয়ে তারেক রহমান বলেন, আইটি খাতে প্রশিক্ষণ, বিদেশগামীদের জন্য ট্রেনিং সুবিধা এবং ক্রীড়াবিদ তৈরিতে বিশেষ উদ্যোগ নেওয়া হবে, যাতে আন্তর্জাতিক পর্যায়েও বাংলাদেশ সুনাম অর্জন করতে পারে।

তিনি আরও বলেন, মসজিদ-মাদ্রাসার ইমাম, খতিব ও মুয়াজ্জিনসহ সব ধর্মের ধর্মগুরুদের জন্য মাসিক সম্মানী চালু করা হবে। ১২ তারিখে ধানের শীষ বিজয়ী হলে ১৩ তারিখ থেকেই এসব পরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু হবে।

তারেক রহমান বলেন, দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় যারা জীবন উৎসর্গ করেছেন, তাদের স্বপ্নের বাংলাদেশ গড়াই বিএনপির অঙ্গীকার। জনগণের ঐক্যের মাধ্যমেই ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আগের মতো এবারও বাংলাদেশের মানুষ ধানের শীষের পক্ষেই রায় দেবে।

Leave a Reply