ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করা প্রবাসী ভোটাররা দেশে ব্যালট পাঠানো শুরু করেছেন। এখন পর্যন্ত ১ লাখ ৩৯ হাজার ৭৬৩ জন প্রবাসী ভোটারের পাঠানো ব্যালট বাংলাদেশে পৌঁছেছে।
শুক্রবার রাতে প্রবাসী ভোটার নিবন্ধনসংক্রান্ত ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এ তথ্য জানান। তিনি বলেন, শুক্রবার বেলা সাড়ে ৩টা পর্যন্ত প্রবাসীদের ঠিকানায় মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট পেপার পাঠানো হয়েছে। এর মধ্যে ৫ লাখ ১৬ হাজার ৭ জন প্রবাসী ভোটার ব্যালট গ্রহণ করেছেন এবং ৪ লাখ ৫৪ হাজার ৫৮৭ জন ভোট প্রদান সম্পন্ন করেছেন।
ভোট দেওয়ার পর ৪ লাখ ৬ হাজার ৫৬৪ জন প্রবাসী ভোটার নিজ নিজ দেশের পোস্ট অফিস বা ডাক বাক্সে তাঁদের ব্যালট জমা দিয়েছেন। একই সঙ্গে দেশের অভ্যন্তরেও ভোটারদের মধ্যে পোস্টাল ব্যালট বিতরণ করা হয়েছে।
নির্বাচন কমিশনের (ইসি) তথ্য অনুযায়ী, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে দেশের ভেতরে (আইসিপিভি) নিবন্ধন করা ২ লাখ ৬৯ হাজার ভোটারের কাছে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে। এর মধ্যে শুক্রবার বিকেল সাড়ে ৩টা পর্যন্ত ৩ হাজার ৭৪৮ জন ভোটার ব্যালট গ্রহণ করেছেন।
ইসির তথ্যমতে, এদের মধ্যে ২ হাজার ৪২২ জন ভোটার ভোট প্রদান করেছেন এবং ১ হাজার ১৪৯ জন ভোটার পোস্ট অফিস বা ডাক বাক্সে ব্যালট জমা দিয়েছেন।
সালীম আহমাদ খান আরও জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে দেশে ও বিদেশে মিলিয়ে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন ভোটার নিবন্ধন সম্পন্ন করেছেন।
