টিআইবির ড. ইফতেখারুজ্জামান: নির্বাচনের প্রতিটি স্তরে আচরণবিধি লঙ্ঘন ঘটেছে
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, নির্বাচনের প্রতিটি স্তরে আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটেছে। অনলাইন ও অফলাইন প্রচারণায় ব্যাপক অনিয়ম পরিলক্ষিত হলেও নির্বাচন কমিশন (ইসি) তা রোধে কার্যকর ভূমিকা পালন করতে পারছে না।
রোববার (৮ ফেব্রুয়ারি) বেলা ১২টায় রাজধানীর মাইডাস সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি বলেন, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশন ও প্রশাসনের কার্যকর পদক্ষেপের ঘাটতি রয়েছে। নির্বাচনী প্রচারের শুরুতে ইতিবাচক চিহ্ন দেখা গেলেও সময় বাড়ার সঙ্গে সঙ্গে দলগুলোর মধ্যে সংঘাত, আন্তঃদলীয় কোন্দল এবং পুরনো নেতিবাচক রাজনৈতিক প্রথার পুনরাবৃত্তি ঘটেছে। সুষ্ঠু নির্বাচন আয়োজনের ক্ষেত্রে কমিশনের তৎপরতা যথেষ্ট দৃশ্যমান হয়নি।
