বিজিবি নির্বাচনে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে কোনো মারণাস্ত্র ব্যবহার করবে না
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কোনো ধরনের লেথাল ওয়েপন (মারণাস্ত্র) ব্যবহার করবে না। শুক্রবার (৩১ জানুয়ারি) রাজধানীর মিরপুরে জাতীয় সুইমিং কমপ্লেক্সে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন বিজিবির ঢাকা সেক্টর কমান্ডার কর্নেল এস এম আবুল এহসান।
তিনি জানান, দেশের ৪ হাজার ৪২৭ কিলোমিটার সীমান্ত সম্পূর্ণ সুরক্ষিত রাখা হচ্ছে এবং নির্বাচনের দিন সারাদেশে ৩৭ হাজারেরও বেশি বিজিবি সদস্য মোতায়েন থাকবেন। পাশাপাশি কুইক রেসপন্স ফোর্স ও বিজিবি হেলিকপ্টার ইউনিটও সর্বদা প্রস্তুত থাকবে।
কর্নেল এস এম আবুল এহসান বলেন, “আসন্ন নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করার লক্ষ্যে বিজিবি সর্বদা দায়িত্ব পালন করছে। ঢাকা সেক্টরের অধীনে ৯টি জেলা ও ৪টি সিটি করপোরেশনের ৫১টি আসনে ১৩৪ প্লাটুন বিজিবি সদস্য ৪২টি অস্থায়ী বেইজ ক্যাম্পে দায়িত্ব পালন করবেন।”
তিনি আরও জানান, নির্বাচনী দায়িত্ব পালনের ক্ষেত্রে বিজিবি বডি ওর্ন ক্যামেরা, নাইট ভিশন ডিভাইস, মেটাল ডিটেক্টর, এপিসি ও আধুনিক সিগন্যাল ও যোগাযোগ সরঞ্জাম ব্যবহার করবে। ব্যাটালিয়ন ও সেক্টর সদর দপ্তরে গঠিত মনিটরিং সেল সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করবে। নির্বাচনের দিন বিজিবি মোবাইল ও স্ট্যাটিক ফোর্স হিসেবে টহল, গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট, যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি পরিচালনা করবে, যাতে কোনো অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি না হয়।
নির্বাচনকালীন কোনো শঙ্কা আছে কি না জানতে চাইলে কর্নেল এস এম আবুল এহসান বলেন, “এখন পর্যন্ত কোনো ধরনের শঙ্কা দেখছি না। মহাপরিচালকের নির্দেশ অনুযায়ী আমরা আইন-শৃঙ্খলা রক্ষায় কোনো লেথাল ওয়েপন ব্যবহার করব না।
