মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষেপণাস্ত্র হামলার ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে সংযুক্ত আরব আমিরাত-এ এক বাংলাদেশিসহ বিভিন্ন দেশের ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১৪ মার্চ) দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আমিরাত নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে।
দেশটির অ্যাটর্নি জেনারেল হামাদ আল সামছি গ্রেফতার হওয়া ব্যক্তিদের দ্রুত বিচারের নির্দেশ দিয়েছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, অভিযুক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষেপণাস্ত্র হামলার বিভ্রান্তিকর ও ভুয়া ভিডিও ক্লিপ ছড়িয়ে দেয়, যা জাতীয় নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতার জন্য হুমকি তৈরি করতে পারে।
তদন্তে জানা গেছে, এসব ভিডিওতে বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে হামলা প্রতিহত করার দৃশ্য, মাটিতে পড়া ক্ষেপণাস্ত্র, জনসমাগম এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি করা বিস্ফোরণ ও হামলার ভুয়া দৃশ্য দেখানো হয়। কিছু ভিডিওতে শিশুদের আবেগ ব্যবহার করে পরিস্থিতিকে আরও ভয়াবহ হিসেবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।
এছাড়া কয়েকটি ভিডিওতে বিদেশের সামরিক স্থাপনায় হামলার দৃশ্য দেখিয়ে তা সংযুক্ত আরব আমিরাতের ঘটনা বলে দাবি করা হয়েছিল।
দেশটির পাবলিক প্রসিকিউশন ইতোমধ্যে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে এবং তাদের কারাগারে রাখার নির্দেশ দিয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ডিজিটাল মাধ্যম বা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মিথ্যা তথ্য ছড়িয়ে দেশের নিরাপত্তা বা সামাজিক শৃঙ্খলা বিঘ্নিত করার কোনো প্রচেষ্টা সহ্য করা হবে না।

এদিকে প্রকাশিত তথ্য অনুযায়ী, গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে একজন বাংলাদেশ, একজন মিশর, একজন ফিলিপাইন, একজন ভিয়েতনাম, একজন পাকিস্তান, একজন ইরান, একজন ক্যামেরুন, একজন নেপাল এবং দুইজন ভারত-এর নাগরিক রয়েছেন।
