ফুটবলপ্রেমী বাংলাদেশের জন্য আবারও ফিরে এলো বহুল কাঙ্ক্ষিত ফিফা বিশ্বকাপ ট্রফি। আজ বুধবার (১৪ জানুয়ারি) সকাল প্রায় ১০টার দিকে সোনালি এই ট্রফি বাংলাদেশের মাটিতে অবতরণ করে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রাথমিক আনুষ্ঠানিকতা শেষে ট্রফিটি ঢাকার হোটেল রেডিসনে নেওয়া হবে। এবারের সফরে ট্রফির সঙ্গে রয়েছেন ২০০২ সালের বিশ্বকাপজয়ী ব্রাজিল দলের সাবেক মিডফিল্ডার গিলবার্তো সিলভা।
চলতি বছরের ৩ জানুয়ারি থেকে শুরু হয়েছে ফিফা বিশ্বকাপ ট্রফির বিশ্বভ্রমণ। আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে সৌদি আরব থেকে শুরু হওয়া এই যাত্রায় ট্রফিটি ৩০টি ফিফা সদস্য দেশের মোট ৭৫টি গন্তব্যে প্রদর্শিত হবে। প্রায় ১৫০ দিনের বেশি সময় ধরে চলবে এই বৈশ্বিক সফর।
বাংলাদেশে আজ দুপুর দুইটার পর নির্ধারিত দর্শকদের জন্য ট্রফি প্রদর্শনের বিশেষ সেশনের আয়োজন করা হয়েছে। তবে সাধারণ দর্শকদের জন্য সরাসরি দেখার সুযোগ সীমিত রাখা হয়েছে।
গত ২৪ বছরে এটি চতুর্থবারের মতো বাংলাদেশে ফিফা বিশ্বকাপ ট্রফির আগমন। প্রথমবার ২০০২ সালে ঢাকায় প্রদর্শিত হয় এই ট্রফি, সোনারগাঁও হোটেলের সেই আয়োজন বাংলাদেশের ফুটবলপ্রেমীদের মনে বিশ্বকাপ ট্রফি দেখার স্বপ্ন জাগিয়ে তোলে।
২০১৩ সালে ব্রাজিল বিশ্বকাপের আগে দ্বিতীয়বার ট্রফি আগমন ঘটে। রাজনৈতিক অস্থিরতার মধ্যেও সেবার ভক্তদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। কাঁচের বাক্সে রাখা সোনালি ট্রফির সঙ্গে ছবি তোলাই ছিল তখনকার সবচেয়ে বড় আকর্ষণ। পাশাপাশি ঢাকার জাতীয় স্টেডিয়ামে বড় পর্দায় লাইভ প্রদর্শনের ব্যবস্থাও করা হয়।
২০২২ সালে তৃতীয়বারের আয়োজন ছিল সবচেয়ে বৃহৎ। ঢাকার আর্মি স্টেডিয়াম পরিণত হয় লাখো ফুটবলভক্তের মিলনমেলায়। বৃষ্টি উপেক্ষা করেই হাজারো মানুষ ফরাসি কিংবদন্তি ক্রিস্টিয়ান কারেম্বুর সঙ্গে আসা ট্রফিটি এক নজর দেখতে ভিড় জমিয়েছিলেন। সে সময় ট্রফিটি বঙ্গভবন ও গণভবনেও প্রদর্শিত হয়।
ফিফার নির্ধারিত নিয়ম অনুযায়ী, কেবলমাত্র বিশ্বকাপজয়ী ফুটবলার ও রাষ্ট্রপ্রধান ছাড়া অন্য কারও জন্য এই ট্রফি স্পর্শ করার অনুমতি নেই।
