You are currently viewing প্রিমিয়ার লিগে নতুন সর্বকনিষ্ঠ গোলদাতা, শিরোপার কাছাকাছি আর্সেনাল

প্রিমিয়ার লিগে নতুন সর্বকনিষ্ঠ গোলদাতা, শিরোপার কাছাকাছি আর্সেনাল

ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা দৌড় নিয়ে এখনই শেষ কথা বলার সময় আসেনি। কাগজে–কলমে এখনো অনেক সমীকরণ বাকি। ৯ পয়েন্টে পিছিয়ে থাকলেও ম্যানচেস্টার সিটির হাতে রয়েছে একটি ম্যাচ কম খেলার সুযোগ। পাশাপাশি ইতিহাদে আর্সেনাল-ম্যান সিটির মহাগুরুত্বপূর্ণ ম্যাচটিও এখনো বাকি। ফলে এখনই কাউকে চ্যাম্পিয়ন ঘোষণা করার সুযোগ নেই।

তবে দুই দলের সাম্প্রতিক পারফরম্যান্সের দিকে তাকালে হিসাবটা খুব কঠিনও মনে হয় না। বড় কোনো নাটকীয়তা না ঘটলে আর্সেনালের শিরোপা জয় এখন সময়ের অপেক্ষা বলেই মনে করছেন অনেকেই। বিশেষ করে শনিবার রাতের ম্যাচের পর শিরোপা দৌড়ের চিত্র আরও স্পষ্ট হয়েছে।

ওই ম্যাচে এভারটনকে ২–০ গোলে হারিয়েছে আর্সেনাল। অন্যদিকে ওয়েস্ট হ্যামের সঙ্গে ১–১ গোলে ড্র করেছে ম্যানচেস্টার সিটি।

আর্সেনালের হয়ে দুটি গোলই আসে ম্যাচের শেষ দিকে। ৮৯ মিনিটে প্রথম গোল করেন ভিক্টর ইয়োকেরেস। এরপর যোগ করা সময়ের সপ্তম মিনিটে গোল করে ইতিহাস গড়েন ১৬ বছর ৭৩ দিন বয়সী তরুণ ম্যাক্স ডাউম্যান। এই গোলের মাধ্যমে তিনি হয়ে যান প্রিমিয়ার লিগ ইতিহাসের সর্বকনিষ্ঠ গোলদাতা।

এর আগে ১৬ বছর ২৭০ দিনে গোল করে এই রেকর্ডটি ছিল জেমস ভনের দখলে। তিনি ২০০৫ সালের এপ্রিলে এভারটনের হয়ে এই কীর্তি গড়েছিলেন।

অন্যদিকে ডাউম্যানের রেকর্ড গড়া রাতেই সিটিকে আটকে দেয় ওয়েস্ট হ্যাম। ম্যাচের ৩১ মিনিটে বের্নার্দো সিলভার গোলে এগিয়ে যায় সিটি। তবে চার মিনিট পরই কনস্তানতিনোস মাভরোপানোস গোল করে সমতায় ফেরান ওয়েস্ট হ্যামকে। এরপর বাকি সময় দুই দলই চেষ্টা করলেও আর কোনো গোল হয়নি। ফলে শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয় দুই দলকে।

এই ফলের পর লিগ টেবিলে সিটি ও আর্সেনালের মধ্যে পয়েন্টের ব্যবধান দাঁড়িয়েছে ৯। প্রিমিয়ার লিগের ইতিহাসে একমাত্র ম্যানচেস্টার সিটিই এমন দল, যারা ৩০ বা তার বেশি ম্যাচ খেলার পর শীর্ষ দল থেকে ৯ বা তার বেশি পয়েন্ট পিছিয়ে থেকেও শিরোপা জিতেছিল। ২০১৩–১৪ মৌসুমে এই কীর্তি গড়েছিল সিটিজেনরা।

Leave a Reply