টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে একই পরিবারের তিনজনসহ পাঁচজন নিহতের মরদেহ গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের নিজপাড়া গ্রামে পৌঁছেছে। শনিবার (২৮ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে অ্যাম্বুলেন্সযোগে মরদেহগুলো তাদের গ্রামের বাড়িতে আনা হয়। ইতোমধ্যে কবর খননের কাজ শুরু হয়েছে। বাদ যোহর জানাজার পর পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হবে।
একই পরিবারের একাধিক সদস্যসহ পাঁচজনের মৃত্যুতে পরিবার ও পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মরদেহ গ্রামে পৌঁছানোর সঙ্গে সঙ্গে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। স্থানীয় বাসিন্দাদের মধ্যেও নেমে আসে গভীর শোক।
নিহতরা হলেন— নিজপাড়া (আমবাগান) গ্রামের আজিজার রহমানের ছেলে সুলতান মাহমুদ (২৮), তার চাচাতো বোন আব্দুর রশিদের মেয়ে রিফা রেসা (২৪), একই গ্রামের হামিদুজ্জামান (হাম্বু)-এর স্ত্রী নার্গিস আক্তার (৪২), তার ছেলে নিরব (১২) এবং প্রতিবেশী দোলা বেগম (৪৫)। তারা সবাই গার্মেন্টস শ্রমিক হিসেবে কাজ করতেন।
দোলা বেগম ঈদের ছুটিতে বাড়িতে এসে তার একমাত্র মেয়ে জুই আক্তারের বিয়ে দেন নিজপাড়া গ্রামের নাইম মিয়ার সঙ্গে। বিয়ের দুইদিন পরই তিনি দুর্ঘটনায় নিহত হন।
স্থানীয় ইউপি সদস্য মো. শাহাদত হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে স্বজনরা রাতেই টাঙ্গাইলে যান এবং শনিবার সকালে মরদেহ নিয়ে গ্রামে ফেরেন। পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী বাদ যোহর জানাজার পর পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে।
