আজ ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণের পর বিউগলের করুণ সুরে মুখরিত হয় পরিবেশ, এসময় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী নীরবে দাঁড়িয়ে শহীদদের প্রতি সম্মান জানান।
রাষ্ট্রপতির আনুষ্ঠানিক শ্রদ্ধা নিবেদনের পর মন্ত্রিপরিষদের সদস্যদের সঙ্গে নিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। পরে তারা পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন এবং উপস্থিত বিদেশি কূটনীতিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
এদিকে, প্রধান বিচারপতিও অন্যান্য বিচারপতিদের সঙ্গে নিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর পর্যায়ক্রমে তিন বাহিনীর প্রধান, বীর মুক্তিযোদ্ধা, তাদের পরিবারের সদস্য এবং সাম্প্রতিক আন্দোলনে আহত ও নিহতদের স্বজনরা শ্রদ্ধা জানান।
এছাড়াও বিভিন্ন দেশের কূটনীতিক, রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনগুলোও ফুলেল শ্রদ্ধায় স্মরণ করেন জাতির শ্রেষ্ঠ সন্তানদের।
