You are currently viewing জুলাই যোদ্ধাদের আইনি সুরক্ষায় দায়মুক্তি অধ্যাদেশের চূড়ান্ত খসড়া প্রস্তুত: আসিফ নজরুল

জুলাই যোদ্ধাদের আইনি সুরক্ষায় দায়মুক্তি অধ্যাদেশের চূড়ান্ত খসড়া প্রস্তুত: আসিফ নজরুল

জুলাই যোদ্ধাদের দায়মুক্তি পাওয়ার ন্যায্য অধিকার রয়েছে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি জানিয়েছেন, জুলাই যোদ্ধাদের আইনি সুরক্ষা নিশ্চিত করতে আইন মন্ত্রণালয় একটি দায়মুক্তি অধ্যাদেশের খসড়া প্রস্তুত করেছে। এই খসড়াটি অনুমোদনের জন্য আগামী উপদেষ্টামণ্ডলির বৈঠকে উপস্থাপন করা হবে।

একটি পোস্টে আসিফ নজরুল বলেন, জুলাই যোদ্ধারা জীবন উৎসর্গের ঝুঁকি নিয়ে দেশকে ফ্যাসিস্ট শাসন থেকে মুক্ত করেছিলেন। সে কারণেই তাদের দায়মুক্তি পাওয়া যুক্তিসংগত ও ন্যায্য। জুলাই গণঅভ্যুত্থানের সময় ফ্যাসিস্ট শেখ হাসিনার খুনিদের বিরুদ্ধে তারা যে প্রতিরোধমূলক ভূমিকা পালন করেছিলেন, সেই কার্যক্রমের জন্য আইনগত দায়মুক্তি প্রদান করে আইন প্রণয়ন জরুরি।

তিনি আরও বলেন, এ ধরনের আইন প্রণয়ন পুরোপুরি বৈধ ও সাংবিধানিক। আরব বসন্ত কিংবা সমসাময়িক বিভিন্ন গণঅভ্যুত্থানের পর বহু দেশে জনবিরোধী সরকারের পতনের পর দায়মুক্তির আইন প্রণয়ন করা হয়েছে। বাংলাদেশের সংবিধানের ৪৬ অনুচ্ছেদেও দায়মুক্তি আইন প্রণয়নের বৈধতা রয়েছে। পাশাপাশি ১৯৭৩ সালে মহান মুক্তিযুদ্ধের পর মুক্তিযোদ্ধাদের জন্য দায়মুক্তি আইন প্রণয়নের নজির রয়েছে।

এই সব আইনগত ভিত্তি ও আন্তর্জাতিক উদাহরণ বিবেচনায় নিয়েই আইন মন্ত্রণালয় দায়মুক্তি অধ্যাদেশের খসড়া তৈরি করেছে বলে জানান তিনি। আশা প্রকাশ করে আসিফ নজরুল বলেন, ইনশাল্লাহ আসন্ন উপদেষ্টামণ্ডলির বৈঠকে এটি অনুমোদনের জন্য উত্থাপন করা হবে।

তিনি আরও বলেন, জুলাইকে নিরাপদ রাখা আমাদের নৈতিক ও পবিত্র দায়িত্ব।

Leave a Reply