ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ভোট কারচুপিতে ভারত আবারও সহযোগিতা করতে চায়—এমন অভিযোগ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি দাবি করেন, নির্বাচনী প্রক্রিয়ায় বিদেশি শক্তির হস্তক্ষেপ লক্ষ্য করা যাচ্ছে এবং তারা প্রকাশ্যে বিএনপির পক্ষে মন্তব্য করছেন।
বুধবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর রামপুরায় নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে ঢাকা-১১ আসনের প্রার্থী নাহিদ ইসলাম এসব অভিযোগ করেন। এ সময় তিনি বলেন, বিভিন্ন এলাকায় অর্থের প্রভাব খাটিয়ে তার প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী এম এ কাইয়ুম দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত বিষয়টি আড়াল করার চেষ্টা করছেন।
নাহিদ ইসলাম আরও অভিযোগ করেন, ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়ায় নির্বাচন পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এর মাধ্যমে ভোটের সুষ্ঠুতা প্রশ্নবিদ্ধ হচ্ছে।
অন্যদিকে, ঢাকা-১৪ আসনে ১১ দলীয় জোটের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ব্যারিস্টার আরমান মিরপুর এলাকায় গণসংযোগ করেন। এ সময় তিনি বলেন, দুর্নীতি, শোষণ ও চাঁদাবাজিতে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। ক্ষমতায় গেলে একটি নিরাপদ ও জনবান্ধব সমাজ গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি।
