You are currently viewing ভোটের রাজনীতিতে প্রবাসীদের সরব উপস্থিতি, সিলেট–সুনামগঞ্জে ব্যয় বাড়াচ্ছেন অনেকেই

ভোটের রাজনীতিতে প্রবাসীদের সরব উপস্থিতি, সিলেট–সুনামগঞ্জে ব্যয় বাড়াচ্ছেন অনেকেই

যুক্তরাষ্ট্রপ্রবাসী আবদুর রব গত ২ জানুয়ারি দেশে এসেছেন। দেশে ফিরেই ঘরে বসে না থেকে প্রতিদিন সিলেট জেলার বিভিন্ন আসনে বিএনপির প্রার্থীদের পক্ষে গণসংযোগ চালাচ্ছেন। ভোটারদের কাছে ভোট চাইছেন। নির্বাচন শেষ হলে তিনি আবার যুক্তরাষ্ট্রে ফিরে যাবেন।

এদিকে যুক্তরাজ্যপ্রবাসী মোহাম্মদ আবুল হোসেনও দেশে এসে নির্বাচনী প্রচারণায় সক্রিয় হয়েছেন। সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার বাসিন্দা আবুল হোসেন জানান, কয়েকজন বন্ধুর সঙ্গে প্রায় এক মাস আগে দেশে এসে বিএনপির প্রার্থীর পক্ষে মাঠে কাজ করছেন।

শুধু আবদুর রব বা আবুল হোসেনই নন—তাঁদের মতো হাজারো প্রবাসী এখন সিলেট ও সুনামগঞ্জের ভোটের মাঠে সরব। কেউ এসেছেন যুক্তরাষ্ট্র থেকে, কেউ যুক্তরাজ্য থেকে। ফ্রান্স, বেলজিয়ামসহ ইউরোপের বিভিন্ন দেশ, মধ্যপ্রাচ্য ও অন্যান্য দেশ থেকেও প্রবাসীরা দেশে ফিরেছেন। তাঁদের কেউ বিএনপির সমর্থক, কেউ জামায়াতে ইসলামীর। পাশাপাশি এনসিপি, খেলাফত মজলিস, ইসলামী আন্দোলনসহ অন্যান্য দলের সমর্থকরাও ভোট দিতে ও প্রচারণায় অংশ নিতে এসেছেন।

তবে প্রবাসীদের এই সরব উপস্থিতির পরও স্থানীয়দের মতে, সিলেট অঞ্চলের ভোটের মাঠ এখনো পুরোপুরি জমে ওঠেনি। তাঁদের ধারণা, আরও এক সপ্তাহ পর নির্বাচনী আমেজ বাড়তে পারে।

Leave a Reply