কুয়াকাটায় সরকারি জমিতে অবৈধ দোকানঘর ভেঙে অপসারণ করল পৌর বিএনপি
পটুয়াখালীর কুয়াকাটা এলাকায় সরকারি জমি দখল করে নির্মিত একটি দোকানঘর ভেঙে অপসারণ করেছে কুয়াকাটা পৌর বিএনপি। শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে জিরো পয়েন্ট সংলগ্ন বেড়িবাঁধ এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গত ১২ ফেব্রুয়ারি কুয়াকাটা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বহিষ্কৃত বিএনপি সদস্য মো. মন্নান হাওলাদার পাউবো’র ৪৮ নম্বর পোল্ডারের সরকারি জমি দখল করে একটি দোকানঘর নির্মাণ করেছিলেন।
ঘটনার খবর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে বিএনপির কেন্দ্রীয় নেতা ও সদ্য নির্বাচিত সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন কুয়াকাটা পৌর বিএনপিকে অবৈধ স্থাপনা অপসারণের নির্দেশ দেন। পরে পৌর বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা অভিযান চালিয়ে দোকানঘরটি ভেঙে সরিয়ে দেন।
উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন পৌর বিএনপির সভাপতি আ. আজিজ মুসুল্লি, সিনিয়র সহসভাপতি জসিম উদ্দিন বাবুল ভুঁইয়া ও সাধারণ সম্পাদক মতিউর রহমান হাওলাদার। স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরাও অভিযানে উপস্থিত ছিলেন। স্থানীয়দের মধ্যে এই পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখা হয়েছে।
কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান হাওলাদার বলেন, “সরকারি সম্পত্তি দখলের বিষয়ে দলীয় পরিচয় বিবেচ্য নয়। কেউ অনিয়ম করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”
অভিযুক্ত মন্নান হাওলাদারের ভাই জসিম অভিযোগ করেন, “সরকারি জায়গায় আরও অনেক স্থাপনা রয়েছে। শুধু আমাদেরটি ভেঙেছে; সবগুলো উচ্ছেদ করা উচিত ছিল।”
কলাপাড়া উপজেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. শাহ আলম বলেন, “পাউবোর জমি দখল করে স্থাপনা নির্মাণ আইনত অপরাধ। বিষয়টি খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
