You are currently viewing নির্বাচন পরিস্থিতি নিয়ে বিদেশি কূটনীতিকদের অবহিত করছে নির্বাচন কমিশন

নির্বাচন পরিস্থিতি নিয়ে বিদেশি কূটনীতিকদের অবহিত করছে নির্বাচন কমিশন

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে কূটনীতিকদের ব্রিফ করছে নির্বাচন কমিশন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সম্ভাব্য গণভোট বিষয়ে বাংলাদেশে কর্মরত বিদেশি মিশনের কূটনীতিকদের ব্রিফ করছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (২৫ জানুয়ারি) সকালে ঢাকার একটি অভিজাত হোটেলে এ ব্রিফিং সভা শুরু হয়।

বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনসহ চার নির্বাচন কমিশনার উপস্থিত রয়েছেন। নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক জানান, হোটেল ওয়েস্টিনে আয়োজিত এই ব্রিফিং অনুষ্ঠানটি গণমাধ্যমের জন্য উন্মুক্ত নয়। তবে সভা শেষে নির্বাচন কমিশন সচিবালয়ে এসে সিনিয়র সচিব গণমাধ্যমকে ব্রিফ করবেন।

তিনি আরও জানান, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে কমিশনের পক্ষ থেকে নেওয়া বিভিন্ন প্রস্তুতি ও পদক্ষেপ সম্পর্কে কূটনীতিকদের অবহিত করা হচ্ছে। এ ব্রিফিংয়ে ঢাকায় অবস্থানরত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, মিশন প্রধান এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।

এর আগে নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ জানান, এবারের জাতীয় নির্বাচন পর্যবেক্ষণের জন্য ৮৩টি বিদেশি পর্যবেক্ষক সংস্থাকে আমন্ত্রণ জানানো হয়েছে। এর মধ্যে ৩৬টি সংস্থা অংশগ্রহণের বিষয়ে নিশ্চিত করেছে। এছাড়া প্রায় ৫০ জন বিদেশি সাংবাদিক ও ৭৮ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক নির্বাচন পর্যবেক্ষণে আগ্রহ প্রকাশ করেছেন।

তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পর্যবেক্ষক দলের সদস্য সংখ্যা প্রায় ৫৮ জন হতে পারে। সব মিলিয়ে বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকের সংখ্যা ৩০০-এর কাছাকাছি হতে পারে। আমন্ত্রিত পর্যবেক্ষকরা রাজধানীর একটি হোটেলে অবস্থান করবেন।

আগামী ১২ ফেব্রুয়ারির ভোটকে সামনে রেখে আগ্রহী বিদেশি গণমাধ্যমকর্মী, সাংবাদিক ও পর্যবেক্ষকদের জন্য ১৭ জানুয়ারির মধ্যে নির্বাচন কমিশনে আবেদন করার সুযোগ দেওয়া হয়েছিল।

এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিদেশি নাগরিকদের আগমনী ভিসাসহ অন্যান্য ভিসা সংক্রান্ত বিষয়ে একটি নির্দেশনা জারি করেছে। এতে বলা হয়েছে, নির্বাচন কমিশনের সুপারিশের ভিত্তিতে বিদেশি পর্যবেক্ষকদের ভিসা ফি মওকুফ করা হবে।

তবে নির্দেশনায় আরও উল্লেখ করা হয়েছে, বিদেশি সামরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের বাংলাদেশে প্রবেশের ক্ষেত্রে অবশ্যই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্বানুমতি নিতে হবে।

Leave a Reply