You are currently viewing তারেক রহমানের ময়মনসিংহ সফর মঙ্গলবার, রাজনৈতিক অঙ্গনে আলোচনা

তারেক রহমানের ময়মনসিংহ সফর মঙ্গলবার, রাজনৈতিক অঙ্গনে আলোচনা

দীর্ঘ দুই দশক পর ময়মনসিংহে তারেক রহমান, মঙ্গলবার সার্কিট হাউস মাঠে জনসভা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দীর্ঘ দুই দশকেরও বেশি সময় পর আগামীকাল মঙ্গলবার ময়মনসিংহ সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সফরের অংশ হিসেবে তিনি নগরীর ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।

রোববার (২৫ জানুয়ারি) বিকেল থেকে জনসভাস্থলে মঞ্চ নির্মাণসহ প্রস্তুতিমূলক কাজ শুরু করেছেন বিএনপির নেতাকর্মীরা। তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে দলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত নেতা মো. শরীফুল আলম বলেন, দীর্ঘ ২০ বছরের বেশি সময় পর ২৭ জানুয়ারি তারেক রহমান ময়মনসিংহে আসছেন। এ উপলক্ষে সার্কিট হাউস মাঠে আয়োজিত জনসভায় ময়মনসিংহ বিভাগের চার জেলার মোট ২৪ জন সংসদ প্রার্থী মঞ্চে উপস্থিত থাকবেন।

তিনি আরও বলেন, তারেক রহমান দেশের প্রাণ এবং টানা ১৭ বছর স্বৈরাচারবিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। তাকে বরণ করে নিতে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে। বিএনপির লক্ষ্য হচ্ছে সার্কিট হাউস মাঠে একটি ঐতিহাসিক জনসভা আয়োজন করা, যা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যাবে।

উল্লেখ্য, এর আগে ২০০৫ সালের ২০ জুলাই সর্বশেষ ময়মনসিংহ সফরে এসেছিলেন তারেক রহমান। সে সময় তিনি ময়মনসিংহ সদর, নান্দাইল ও ঈশ্বরগঞ্জসহ জেলার একাধিক উপজেলায় দলীয় কর্মসূচিতে অংশ নিয়েছিলেন।

Leave a Reply