পোস্টাল ব্যালট পেপার ইস্যুতে পক্ষপাতের অভিযোগ তুলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের (ইসি) প্রধান কার্যালয়ের সামনে প্রতিবাদী অবস্থান কর্মসূচি পালন করছে ছাত্রদল। সংগঠনটির অভিযোগ, একটি নির্দিষ্ট রাজনৈতিক গোষ্ঠীর প্রভাবেই ইসি একাধিকবার সিদ্ধান্ত বদলাচ্ছে।
আজ রোববার সকাল আনুমানিক ১১টার দিকে বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা ইসি কার্যালয়ের সামনে জড়ো হয়ে অবস্থান নেন।
কর্মসূচিতে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরসহ সংগঠনের শীর্ষ ও বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত রয়েছেন। পাশাপাশি রাজধানীসহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আসা কয়েক হাজার ছাত্রদল নেতাকর্মী কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
সরেজমিনে দেখা গেছে, নির্বাচন কমিশনের প্রধান ফটকের সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে ব্যারিকেড বসানো হয়েছে। ব্যারিকেডের সামনেই সড়ক অবরোধ করে অবস্থান নিয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা এবং সেখানে তাঁরা বক্তব্য রাখছেন।
