You are currently viewing ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অটল বাংলাদেশ

ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অটল বাংলাদেশ

নিরাপত্তা উদ্বেগকে কেন্দ্র করে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে ভারতে না যাওয়ার সিদ্ধান্তে এখনো অনড় রয়েছে বাংলাদেশ। বরং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অবস্থান বিবেচনায় নিয়ে বিকল্প ভেন্যু হিসেবে শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের সুযোগ দেবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)—এমন প্রত্যাশার কথা জানিয়েছেন ক্রীড়া ও যুব উপদেষ্টা আসিফ নজরুল।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে জাতীয় দলের ক্রিকেটারদের একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলসহ বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। বৈঠক শেষে ক্রীড়া উপদেষ্টা ও বিসিবি সভাপতির বক্তব্যে স্পষ্ট হয়—ভারতে গিয়ে বিশ্বকাপ খেলার সিদ্ধান্তে কোনো পরিবর্তন আসছে না; আগের অবস্থানেই রয়েছে বাংলাদেশ।

বৈঠক সূত্রে জানা গেছে, ভারতে গিয়ে খেলতে হলে কী ধরনের নিরাপত্তা ঝুঁকি তৈরি হতে পারে এবং কেন সরকার এ বিষয়ে সম্মতি দিচ্ছে না—সে সংক্রান্ত বিভিন্ন সংস্থার ক্লাসিফায়েড (গোপনীয়) তথ্য ক্রিকেটারদের সামনে উপস্থাপন করা হয়। তবে আলোচনার বিস্তারিত বিষয়ে মুখ খোলেননি আসিফ নজরুল। সংক্ষেপে তিনি বলেন, ‘আমরা যেসব বিষয় তুলে ধরেছি, খেলোয়াড়রা তা বুঝতে পেরেছে।’

ক্রিকেটারদের মতামত সম্পর্কে বিস্তারিত জানাতেও অপারগতা প্রকাশ করেন ক্রীড়া উপদেষ্টা।

এদিকে বৈঠক শেষে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সাংবাদিকদের বলেন, ভারত অলিম্পিক ও কমনওয়েলথ গেমস আয়োজনের আগ্রহ দেখাচ্ছে। এমন একটি ক্রিকেটপ্রেমী দেশ যদি বিশ্বকাপে অংশ না নেয়, তাহলে সেটি ভারতের জন্য বড় ধরনের বার্তা হয়ে দাঁড়াবে।

অন্যদিকে, বুধবার আইসিসির বোর্ড সভায় ভোটাভুটির মাধ্যমে সিদ্ধান্ত জানানো হয়—টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে বাংলাদেশকে ভারতে যেতে হবে। এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য ২৪ ঘণ্টার সময়সীমাও নির্ধারণ করে সংস্থাটি, যা এখন প্রায় শেষের পথে।

এই প্রসঙ্গে বিসিবি সভাপতি জানান, আইসিসির সঙ্গে বৈঠকে কিছু অপ্রত্যাশিত ও ‘শকিং’ বিষয় সামনে এসেছে।

Leave a Reply