You are currently viewing ইতিহাস বিকৃতির শঙ্কা প্রকাশ, গোলাম আজম প্রসঙ্গে রিজভীর মন্তব্য

ইতিহাস বিকৃতির শঙ্কা প্রকাশ, গোলাম আজম প্রসঙ্গে রিজভীর মন্তব্য

রিজভী: ‘কয়দিন পর বলবেন, গোলাম আজম স্বাধীনতার ঘোষক’—জামায়াতের নতুন দাবির সমালোচনা

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, “কয়দিন পর হয়তো বলবেন, গোলাম আজম ছিলেন স্বাধীনতার ঘোষক। এ কথাও আপনারা বলতে পারেন। কারণ মিথ্যা বলার ক্ষেত্রে আপনারা কখনোই পিছপা হন না।”

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাজধানীর নয়া পল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে পবিত্র শবে বরাত উপলক্ষে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, “পাকিস্তানি বাহিনী যখন মা-বোনদের ওপর অত্যাচার চালিয়েছিল, তখন আপনারা সেটিকে কখনো নির্যাতন হিসেবে স্বীকার করেননি। বরং সমর্থন ও পৃষ্ঠপোষকতা দিয়েছেন। এখন হঠাৎ স্বাধীনতার ঘোষক নিয়ে কথা বলার অর্থ রাজনৈতিক স্বার্থের জন্য ইতিহাস বিকৃত করার চেষ্টা।”

তিনি আরও বলেন, জামায়াতের আমির নারীদের বিষয়ে যে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন, তা দেশের নারী সমাজকে ক্ষুব্ধ করেছে। সেই ক্ষোভ ঢাকতেই স্বাধীনতার ঘোষক ইস্যু সামনে আনা হচ্ছে। কিন্তু প্রতিষ্ঠিত সত্যকে বিতর্কিত করে আড়াল করা যাবে না।

রিজভী জোর দিয়ে বলেন, “গতকাল চট্টগ্রামে জামায়াতের আমির যাকে স্বাধীনতার ঘোষক হিসেবে তুলে ধরার চেষ্টা করেছেন, তিনি নিজেও কখনো এমন দাবি করেননি। প্রকৃত স্বাধীনতার ঘোষক ছিলেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি একজন মেজর হিসেবে স্বাধীনতার ঘোষণা দিয়ে জাতিকে দিকনির্দেশনা দিয়েছিলেন এবং মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছেন।”

তিনি অভিযোগ করেন, কেউ কেউ ইসলামের নামে রাজনীতি ও ব্যবসা করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে। প্রকৃত মুসলমান কখনো মিথ্যা বলবে না বা প্রতারণার আশ্রয় নেবে না। ইসলামের আদর্শ অনুযায়ী নারীর মর্যাদা সর্বোচ্চ, প্রথম ধর্মীয় শিক্ষা গ্রহণকারী ছিলেন হযরত বিবি খাদিজা (রা.)। অথচ আজ নারীদের অবমূল্যায়ন ও কুরুচিপূর্ণ মন্তব্যের মাধ্যমে ক্ষোভ সৃষ্টি করা হচ্ছে।

রিজভী বলেন, “নারীদের প্রতি অবমাননামূলক মন্তব্যের দায় এড়িয়ে যাওয়া যাবে না। স্বাধীনতার ঘোষক নিয়ে বিতর্ক কৌশল কাজে আসবে না।”

মাহফিলে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, নির্বাহী কমিটির সদস্য মো. মাইনুল ইসলাম প্রমুখ।

Leave a Reply