প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর চার সদস্যের একটি প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক হয়।
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, দলের সেক্রেটারি মনিরা শারমিন এবং আইনি সহায়তা উপ-কমিটির প্রধান জহিরুল ইসলাম মূসা। বৈঠকে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ও আইসিটি বিষয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ তৈয়্যব উপস্থিত ছিলেন।
বৈঠকে আসন্ন নির্বাচন নিয়ে নিজেদের পর্যবেক্ষণ ও বিভিন্ন উদ্বেগের কথা তুলে ধরেন এনসিপি নেতারা। তারা জানান, গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে দলের সব পর্যায়ের নেতাকর্মীরা মাঠে প্রচারণা চালাচ্ছেন। একই সঙ্গে নির্বাচনসংক্রান্ত কয়েকটি বিষয়ে প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে সুষ্ঠু ও সমান সুযোগের পরিবেশ (লেভেল প্লেয়িং ফিল্ড) নিশ্চিত করতে সরকারের সক্রিয় ভূমিকা প্রত্যাশা করেন তারা।
জবাবে প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচন নিয়ে যেকোনো অভিযোগ বা পরামর্শ দ্রুত সরকারকে জানাতে হবে। সরকার সাধ্যমতো প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এবং কেউ যেন আইন ভঙ্গ করতে না পারে, সে বিষয়ে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।
তিনি আরও জানান, প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করতেই লটারির মাধ্যমে মাঠপর্যায়ের প্রশাসনে রদবদল আনা হয়েছে। এই নির্বাচনে পক্ষপাতিত্বের কোনো সুযোগ থাকবে না। এটি দেশের ভবিষ্যৎ নির্ধারণের নির্বাচন এবং দেশ পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ সুযোগ। তাই নির্বাচন অবশ্যই সুষ্ঠু হতে হবে।
প্রধান উপদেষ্টা বলেন, জানুয়ারির মধ্যেই অধিকাংশ ভোটকেন্দ্র সিসি ক্যামেরার আওতায় আনা হবে। পাশাপাশি ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের জন্য বডি ক্যামেরার ব্যবস্থা থাকবে, যা কেন্দ্রীয় কন্ট্রোল রুম থেকে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হবে।
গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সরকার আইনসম্মতভাবেই প্রচারণা চালাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, কেন ‘হ্যাঁ’ ভোট প্রয়োজন এবং এতে কী সুফল আসবে, তা জনগণের কাছে তুলে ধরা হচ্ছে। এ বিষয়ে সব রাজনৈতিক দলকেও ভূমিকা রাখার আহ্বান জানানো হয়েছে। নির্বাচন যেন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়—এই দায়িত্ব সরকার, নির্বাচন কমিশন ও রাজনৈতিক দলসহ সবার। এজন্য তিনি সব রাজনৈতিক দলের সহযোগিতা কামনা করেন।
