রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্পে হঠাৎ করেই জ্বালানি তেলের চাহিদা বেড়ে যাওয়ায় বেশিরভাগ পাম্পে তেল পাওয়া যাচ্ছে না। ফলে অনেক যানবাহন চালক তেল না পেয়েই ফিরে যাচ্ছেন। শনিবার (৭ মার্চ) সকাল থেকেই রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে গাড়ি ও মোটরসাইকেলের দীর্ঘ সারি দেখা গেছে।
সরেজমিনে দেখা যায়, অনেক চালক ঘণ্টার পর ঘণ্টা লাইনে অপেক্ষা করেও নির্ধারিত কোটা অনুযায়ী তেল পাচ্ছেন না। বেশ কিছু পাম্প থেকে তেল না পেয়ে অনেক যানবাহন ফিরে যেতে বাধ্য হচ্ছে। এতে অনেক স্থানে গ্রাহকদের সঙ্গে পাম্প কর্তৃপক্ষের বাকবিতণ্ডার ঘটনাও ঘটছে। এ সময় গ্রাহকরা জ্বালানি সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকারকে পেট্রোল পাম্পগুলোর ওপর কঠোর নজরদারির দাবি জানান।
অন্যদিকে পাম্প মালিকরা বলছেন, স্বাভাবিক সময়ের তুলনায় জ্বালানির সরবরাহ কম আসছে। একই সঙ্গে হঠাৎ চাহিদা বেড়ে যাওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে তাদের দাবি।
রাজধানীর পাশাপাশি দেশের বিভিন্ন জেলাতেও পেট্রোল পাম্প ও ডিপোগুলোতে ক্রেতাদের ভিড় লক্ষ্য করা গেছে। সংশ্লিষ্টরা জানান, যানবাহনভিত্তিক নির্ধারিত কোটা অনুযায়ী জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে।
শনিবার সকাল থেকেই অধিকাংশ পাম্পে যানবাহনের দীর্ঘ লাইন দেখা যায়। অনেক ক্রেতা জানান, বাজারে কৃত্রিম সংকট তৈরি হওয়ার আশঙ্কায় তারা আগেভাগেই প্রয়োজনীয় পেট্রোল ও অকটেন সংগ্রহ করে রাখতে চাইছেন। তবে কোথাও কোথাও তেল শেষ হয়ে যাওয়ায় সাময়িকভাবে পাম্প বন্ধ রাখার ঘটনাও ঘটেছে।
সংশ্লিষ্টরা বলছেন, বাড়তি চাহিদার কারণেই পাম্পগুলোতে চাপ তৈরি হয়েছে। তবে এখন পর্যন্ত বড় ধরনের জ্বালানি সংকট সৃষ্টি হয়নি বলে তারা দাবি করছেন।
