বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে ভারতে না যাওয়ার বিষয়ে অনড় অবস্থান নিয়েছে। বিসিবি ইতিমধ্যেই এ বিষয়ে আইসিসিকে দ্বিতীয় দফা চিঠি দিয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, সমস্যা সমাধানের জন্য রোববার ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে বৈঠকে বসবেন আইসিসির চেয়ারম্যান জয় শাহ। তবে পরিস্থিতি সহজ নয়। বিসিবির চিঠিতে বলা হয়েছে, বিষয়টি শুধু নিরাপত্তা বা যাতায়াতের নয়, জাতীয় মর্যাদার সঙ্গে জড়িত। মোস্তাফিজুর রহমানকে হঠাৎ আইপিএল থেকে বাদ দেয়ার ঘটনা এই অবস্থার পেছনে প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে।
বাংলাদেশ নিরাপত্তা ছাড়াও খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের জন্য ‘ম্যান-টু-ম্যান’ নিরাপত্তার নিশ্চয়তা চাইছে। আইসিসি এখনও বিসিবির চিঠির জবাব দেয়নি। জয় শাহকে এখন বিসিসিআই ও আইসিসির অপারেশন টিমের সঙ্গে আলোচনা করে নিরাপত্তা পরিকল্পনা নতুনভাবে খতিয়ে দেখতে হবে। পাশাপাশি, বাংলাদেশ কোথায় উপেক্ষিত মনে করছে, এবং আগের আশ্বাস কেন যথেষ্ট হয়নি—সব প্রশ্নের উত্তর খুঁজতে হবে।
এনডিটিভি মনে করছে, সমাধান সহজ হবে না। আইসিসিকে এমন প্রস্তাব দিতে হবে, যা বিসিবি সানন্দে মেনে নিতে পারে। বাংলাদেশের যোগ্যতা অর্জনের কারণে বিশ্বকাপ থেকে তাদের বাদ দেওয়া সম্ভব নয়। আইনি ও রাজনৈতিক জটিলতা এড়াতে আইসিসিকে সতর্ক থাকতে হবে।
অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলও পরিস্থিতি জটিল করেছেন। তাঁর মতে, ভারতে খেলতে যাওয়া জাতীয় সম্মানে আঘাতের সমতুল্য।
সব মিলিয়ে, জয় শাহের সামনে এখন কঠিন চ্যালেঞ্জ। একজন নিরপেক্ষ প্রশাসক হিসেবে উত্তেজনা কমিয়ে আস্থা ফিরিয়ে আনাই তার মূল দায়িত্ব।
