নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের প্রথম ও দ্বিতীয় ওয়ানডের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। পাকিস্তান সিরিজে যে স্কোয়াড ছিল, সেই দলই অপরিবর্তিত রেখেছেন নির্বাচকরা।
পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে নিউজিল্যান্ডের বিপক্ষেও একই কম্বিনেশন নিয়ে নামতে চায় টাইগাররা। ধারাবাহিকতা বজায় রাখতেই দলে বড় কোনো পরিবর্তন আনেনি টিম ম্যানেজমেন্ট।
পাকিস্তান সিরিজে প্রত্যাশিত পারফরম্যান্স করতে না পারলেও স্কোয়াডে জায়গা ধরে রেখেছেন ওপেনার সাইফ হাসান। একই সঙ্গে আফিফ হোসেন ধ্রুবকেও রাখা হয়েছে দলে।
আগামী ১৭ এপ্রিল মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচ দিয়েই শুরু হবে দুই দলের লড়াই।
নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের জন্য ঘোষিত বাংলাদেশের স্কোয়াড:
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন কুমার দাস, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।
২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা পেতে র্যাঙ্কিংয়ের শীর্ষ আটে থাকতে হবে বাংলাদেশকে। নবম অবস্থানে থাকলেও সুযোগ থাকতে পারে। সেই লক্ষ্য সামনে রেখে প্রতিটি দ্বিপক্ষীয় সিরিজকে গুরুত্ব দিয়ে খেলছে টাইগাররা।
