You are currently viewing যারা রাজনীতিকে ব্যবসা বানিয়েছে, তারাই দুর্নীতি ও চাঁদাবাজিতে জড়িত

যারা রাজনীতিকে ব্যবসা বানিয়েছে, তারাই দুর্নীতি ও চাঁদাবাজিতে জড়িত

জামায়াতে ইসলামী রাজনীতিকে পেশা নয়, বরং একটি দায়িত্ব ও কর্তব্য হিসেবে গ্রহণ করেছে বলে মন্তব্য করেছেন দলের আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, যারা রাজনীতিকে পেশা হিসেবে নিয়েছে, তারাই দুর্নীতি, চাঁদাবাজি, মামলাবাজি ও লুণ্ঠনের সঙ্গে জড়িত।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে হবিগঞ্জের নিউ ফিল্ড মাঠে জামায়াতের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, দল ক্ষমতায় গেলে তাদের সংসদ সদস্যরা (এমপি) কোনো ধরনের বিনা ট্যাক্সের গাড়ি ব্যবহার করবেন না। প্রয়োজনে রিকশায় চলাচল করলেও রাষ্ট্রীয় সুবিধার অপব্যবহার করা হবে না। একইভাবে স্বল্পমূল্যে এমপিদের জন্য বরাদ্দকৃত ফ্ল্যাটও কেউ গ্রহণ করবে না। যাদের ক্রয়ক্ষমতা আছে, তারা পরিপূর্ণ অর্থ পরিশোধ করেই গাড়ি ও ফ্ল্যাট কিনবেন।

তিনি আরও বলেন, জামায়াতের নির্বাচিত জনপ্রতিনিধি ও তাদের পরিবারের আয়-ব্যয়ের পূর্ণাঙ্গ হিসাব জনসমক্ষে প্রকাশ করা হবে। কেউ জনগণের সম্পদ আত্মসাৎ করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, কোনো ছাড় দেওয়া হবে না।

ডা. শফিকুর রহমান বলেন, জামায়াত ক্ষমতায় গেলে দেশকে দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত করা হবে। কেউ চাঁদা নিতে এলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, বর্তমানে দেশের বিভিন্ন স্থানে মায়েদের সঙ্গে দুর্ব্যবহার করা হচ্ছে। মায়েদের অসম্মান করলে ভবিষ্যতে কোনো ছাড় দেওয়া হবে না বলেও সতর্ক করেন জামায়াত আমির।

তিনি বলেন, সন্ত্রাস ও দুর্নীতিতে দেশ আজ পরিপূর্ণ হয়ে উঠেছে, যার দায় পূর্ববর্তী শাসকদের। নির্বাচন এলেই নানা প্রতিশ্রুতি দেওয়া হয়, কিন্তু নির্বাচন শেষ হলে সেসব প্রতিশ্রুতি ভুলে যাওয়া হয়।

বৈষম্যহীন দেশ গঠনের কথা স্মরণ করিয়ে দিয়ে জামায়াত আমির বলেন, এই দেশের জনগণ জীবন ও রক্ত দিয়ে স্বাধীনতা অর্জন করেছিল। কিন্তু অসৎ রাজনীতির কারণে সেই বৈষম্য আজও রয়ে গেছে।

Leave a Reply