আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পর যে সরকার ক্ষমতায় আসবে, তারা যদি শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত না করে, তাহলে কঠোর আন্দোলনের মুখে পড়তে হবে—এমন হুঁশিয়ারি দিয়েছেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের নেতাকর্মীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদ জানাতে গিয়ে তিনি এ বক্তব্য দেন।
আব্দুল্লাহ আল জাবের বলেন, “আমরা একজন ভাইকে (হাদি) হারিয়েছি। এরপর আর কোনো ভাই হারালেও ১২ তারিখে নির্বাচন হতেই হবে, নির্বাচন পেছানো যাবে না। তবে নির্বাচনের পর যে রাজনৈতিক দল সরকার গঠন করবে, তারা যদি হাদি হত্যার বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ না নেয়, তাহলে আমরা কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হব।”
তিনি আরও বলেন, “আমরা স্পষ্ট করে বলতে চাই—বিচার না হলে আমরা রাজপথে নামব এবং তাদের জন্য পরিস্থিতি দুঃসহ করে তুলব।”
এদিকে, ইনকিলাব মঞ্চের দাবির পরিপ্রেক্ষিতে হাদি হত্যাকাণ্ডের তদন্তে আগামী ৮ ফেব্রুয়ারির মধ্যে জাতিসংঘের সংশ্লিষ্ট শাখায় চিঠি পাঠানো হবে বলে সরকার জানিয়েছে। তবে সেই চিঠির বিষয়বস্তু প্রকাশের দাবিও জানিয়েছে সংগঠনটি। এ কারণে ৮ তারিখ পর্যন্ত নেতাকর্মীদের ধৈর্য ধরার আহ্বান জানান আব্দুল্লাহ আল জাবের।
সংবাদ সম্মেলনে তিনি স্পষ্ট করে বলেন, তারা কেবল স্বাধীন, নিরপেক্ষ ও জাতিসংঘের তত্ত্বাবধানে পরিচালিত তদন্ত চান।
পুলিশের সঙ্গে সংঘর্ষের বিষয়ে তিনি অভিযোগ করে বলেন, “ফ্যাসিবাদী আমলের পুলিশি আচরণ আবারও ফিরে আসছে। হামলার সময় অনেক পুলিশ সদস্য নেমপ্লেট খুলে ফেলেছিল। ইনকিলাব মঞ্চের এমন কোনো কর্মী নেই, যিনি আহত হননি।”
