ঢাকা-৯ সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করা এনসিপির সাবেক নেত্রী ডা. তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা জেলার রিটার্নিং কর্মকর্তা এ সিদ্ধান্ত জানান।
এর আগে গত ২৯ ডিসেম্বর তিনি রাজধানীর সবুজবাগ থানা নির্বাচন অফিসে গিয়ে মনোনয়নপত্র জমা দেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে তাকে নিজ আসনের মোট ভোটারের অন্তত ১ শতাংশের সমর্থন সংগ্রহ করতে হয়।
হলফনামায় দেওয়া তথ্য অনুযায়ী, ডা. তাসনিম জারা পেশায় একজন চিকিৎসক। চাকরি থেকে তার বার্ষিক আয় ৭ লাখ ১৩ হাজার ৩৩৩ টাকা। পাশাপাশি দেশের বাইরে তার আয় রয়েছে ৩ হাজার ২০০ ব্রিটিশ পাউন্ড। আয়কর হিসেবে তিনি পরিশোধ করেছেন ৩৪ হাজার ৫৭ টাকা।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে।
প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ করা হবে ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং তা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত।
