রাজনৈতিক বাস্তবতায় আইপিএল মিস করছেন মুস্তাফিজ, দুঃখ প্রকাশ মঈন আলীর
গত কয়েক মৌসুম ধরে আইপিএলের নিয়মিত অংশ হয়ে ওঠা মুস্তাফিজুর রহমানের এবারও টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আইপিএলে খেলার কথা ছিল। তবে বাংলাদেশ ও ভারতের মধ্যকার রাজনৈতিক টানাপড়েনসহ নানা বাস্তবতার কারণে কলকাতা নাইট রাইডার্সের হয়ে ২০২৬ আইপিএলে দেখা যাবে না এই বাঁহাতি পেসারকে। বড় অঙ্কের চুক্তি পেয়েও আইপিএল খেলতে না পারায় মুস্তাফিজের পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করেছেন তার সতীর্থ মঈন আলী।
এ বিষয়ে মঈন আলী বলেন, “মুস্তাফিজের জন্য আমি সত্যিই দুঃখিত। শুধু আমি নই, সবাই তার জন্য ব্যথিত। ঘটনাটি অত্যন্ত দুর্ভাগ্যজনক। মানুষ হিসেবে মুস্তাফিজ অসাধারণ। অনেকদিন পর সে একটি ভালো চুক্তি পেয়েছিল, কিন্তু যা ঘটেছে তা নিঃসন্দেহে কষ্টদায়ক।”
এদিকে চলতি বিপিএলে সিলেট পর্বের উইকেট ও ফ্র্যাঞ্চাইজি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন ইংলিশ অলরাউন্ডার। মঈনের মতে, এবারের সিলেটের উইকেট ব্যাটিংয়ের জন্য সহায়ক এবং এখানে ভালো রানও হচ্ছে।
বিপিএলে বিদেশি ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে আলোচনা থাকলেও নিজের পারিশ্রমিক পাওয়া নিয়ে কোনো অভিযোগ নেই বলে জানান মঈন। তিনি বলেন, “যদি টাকা না পেতাম, তাহলে কি আমি এখানে থাকতাম? দলে যোগ দেওয়ার পর গুরুত্বপূর্ণ কয়েকটি ম্যাচ জেতায় আমাদের আত্মবিশ্বাস অনেক বেড়েছে।”
সিলেটের প্রতি নিজের আলাদা টান রয়েছে উল্লেখ করে মঈন আলী বলেন, এখানকার মানুষের সঙ্গে তার এক ধরনের আত্মিক সম্পর্ক তৈরি হয়েছে। সেই ভালোবাসা আর অনুভূতির কারণেই বারবার বাংলাদেশে ফিরতে তার ভালো লাগে।
