বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমিরের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। রোববার (আজ) সকালে জামায়াত আমিরের ব্যক্তিগত কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বৈঠকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উভয়ের মধ্যে আলোচনা হয়।
বৈঠক শেষে নাহিদ ইসলামের ফেসবুক পেজে দেওয়া একটি এডমিন পোস্টে জানানো হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে একটি বিশেষ বৈঠকে অংশ নেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় তারা জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক পরিস্থিতির সামগ্রিক চিত্র ও বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন।
এর আগে শনিবার ইউরোপীয় ইউনিয়নের প্রধান নির্বাচন পর্যবেক্ষক আইভার্স ইজাবসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের নাহিদ ইসলাম বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জোটের চূড়ান্ত আসন বণ্টনের ঘোষণা আগামী ১২ জানুয়ারির মধ্যেই দেওয়া হবে।
