তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়ে দারুণ জয় পেয়েছে বাংলাদেশ। এই জয়ের মাধ্যমে ১১ বছর পর পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ নিজেদের করে নিল টাইগাররা।
মিরপুরে অনুষ্ঠিত সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডেতে টসে জিতে বাংলাদেশকে প্রথমে ব্যাট করতে পাঠায় পাকিস্তান। শুরু থেকেই আত্মবিশ্বাসী ব্যাটিং করেন দুই ওপেনার সাইফ হাসান ও তানজিদ হাসান তামিম। তাদের উদ্বোধনী জুটিতে আসে ১০৫ রান।
দ্বিতীয় উইকেটে নাজমুল হোসেন শান্তকে সঙ্গে নিয়ে আরও ৫৩ রান যোগ করেন তামিম। শান্ত ৩৪ বলে ২৭ রান করে আউট হন। এরপর দুর্দান্ত ব্যাটিং করে আন্তর্জাতিক ক্রিকেটে নিজের প্রথম সেঞ্চুরি পূর্ণ করেন তামিম। তিনি ১০৭ বলে ১০৭ রান করে আউট হন। লিটন দাস যোগ করেন ৪১ রান। শেষ দিকে তৌহিদ হৃদয়ের ৪৪ বলে ৪৮ রানে নির্ধারিত ওভারে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ২৯০ রান।
পাকিস্তানের হয়ে হারিস রউফ ৩টি উইকেট নেন। শাহিন শাহ আফ্রিদি ও আবরার আহমেদ পান একটি করে উইকেট।
২৯১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় পাকিস্তান। মাত্র ১৭ রানেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে তারা। তাসকিন আহমেদের বলে আউট হন শাহিবজাদা ফারহান ও মোহাম্মদ রিজওয়ান। আর মাজ সাদাকাতকে ফিরিয়ে দেন নাহিদ রানা।
এরপর গাজী ঘোরি ও আবদুল সামাদ চতুর্থ উইকেটে ৫০ রানের জুটি গড়লেও দ্রুতই তারা আউট হয়ে যান। পরে সাদ মাসুদ ও ফাহিম আশরাফকে নিয়ে গুরুত্বপূর্ণ জুটি গড়েন সালমান আলী আগা। দুর্দান্ত ব্যাটিং করে ৮৯ বলে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি এবং শেষ পর্যন্ত ৯৮ বলে ১০৬ রান করে আউট হন।
শেষ ওভারে জয়ের জন্য পাকিস্তানের দরকার ছিল ১৪ রান, হাতে ছিল ১ উইকেট। বোলিংয়ে এসে রিশাদ হোসেন মাত্র ২ রান দিয়ে শাহিন আফ্রিদিকে আউট করেন। পাকিস্তান অলআউট হয় ২৭৯ রানে এবং ১১ রানের জয় নিশ্চিত করে বাংলাদেশ।
বাংলাদেশের হয়ে তাসকিন আহমেদ ৪টি উইকেট নেন। মোস্তাফিজুর রহমান পান ৩টি এবং নাহিদ রানা নেন ২টি উইকেট।
এই জয়ের ফলে আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে ওয়েস্ট ইন্ডিজকে পেছনে ফেলে ১০ নম্বর থেকে ৯ নম্বরে উঠে এসেছে বাংলাদেশ।
