বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হওয়ার পর নিজ নির্বাচনী এলাকায় প্রথম সফরে যান হাফিজ উদ্দিন আহমদ। মেজর (অব.) বীর বিক্রম খেতাবপ্রাপ্ত এই নেতা ভোলা-৩ (লালমোহন ও তজুমদ্দিন) আসনের বিএনপির সংসদ সদস্য। শুক্রবার বিকেলে তজুমদ্দিন উপজেলায় তাঁকে গণসংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠান ঘিরে ছিল উৎসবমুখর পরিবেশ।
শুক্রবার বিকেল সাড়ে পাঁচটায় তজুমদ্দিন উপজেলা পরিষদ মিলনায়তনে বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা। প্রধান অতিথির বক্তব্য দেন স্পিকার। এর আগে তিন দিনের সফরের অংশ হিসেবে বৃহস্পতিবার তিনি ভোলায় পৌঁছান এবং লালমোহন উপজেলা পরিষদ মিলনায়তনে নাগরিক ফোরামের উদ্যোগে সংবর্ধনা নেন।
সফরের দ্বিতীয় দিনে সংবর্ধনা অনুষ্ঠানের আগে তজুমদ্দিন উপজেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন তিনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সংবর্ধনা উপলক্ষে সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে মানুষ মিছিল ও বাদ্যযন্ত্র নিয়ে অনুষ্ঠানে অংশ নেন। নেতা-কর্মী ও সাধারণ জনগণ ফুলেল শুভেচ্ছায় স্পিকারকে বরণ করেন। বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষক এবং মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকেও তাঁকে সম্মাননা জানানো হয়।
বক্তব্যে স্পিকার বলেন, তিনি সংবর্ধনা গ্রহণের জন্য নয়, এলাকার মানুষের প্রতি কৃতজ্ঞতা জানাতে এসেছেন। ভোলা-৩ আসনের মানুষের ভালোবাসা ও সমর্থনেই তিনি এ অবস্থানে পৌঁছেছেন এবং এলাকার উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি।
ভোলা-বরিশাল সেতু নির্মাণ ও একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার বিষয়ে তিনি বলেন, এগুলো এ অঞ্চলের মানুষের ন্যায্য দাবি এবং বাস্তবায়নে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা এবং নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
