You are currently viewing টঙ্গীর মাজার বস্তিতে রাতভর পুলিশের বিশেষ অভিযান

টঙ্গীর মাজার বস্তিতে রাতভর পুলিশের বিশেষ অভিযান

গাজীপুরের টঙ্গী এলাকার মাজার বস্তিতে রাতভর বিশেষ অভিযান চালিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। অভিযানে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত সন্দেহে কয়েকজনকে আটক করা হয়েছে। এ সময় মাদকদ্রব্য, দেশীয় অস্ত্রসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়।

রোববার (১৫ মার্চ) রাত ১১টা থেকে শুরু হয়ে ভোর ৪টা পর্যন্ত চলা এ অভিযানে র‍্যাব, বিজিবি, সিআইডি ও পিবিআইসহ পুলিশের একাধিক দল অংশ নেয়। দীর্ঘদিন ধরে মাজার বস্তিকে কেন্দ্র করে মাদক বেচাকেনা, চুরি ও ছিনতাইসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ ছিল বলে জানায় পুলিশ। এসব অভিযোগের ভিত্তিতেই এলাকাজুড়ে এই অভিযান পরিচালনা করা হয়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. ইসরাইল হাওলাদার জানান, মাজার বস্তির যেসব ঘরে মাদক সংক্রান্ত তথ্য ছিল সেসব স্থানে তল্লাশি চালানো হয়েছে। বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম যৌথভাবে এ অভিযানে অংশ নিয়ে তল্লাশি কার্যক্রম পরিচালনা করেছে। এ সময় বেশ কিছু আলামত উদ্ধার করা হয়েছে এবং অভিযানে ধরা পড়া দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার করা হয়েছে।

মাদক ব্যবসা ও চুরি-ছিনতাই নিয়ন্ত্রণে রাখতে মহানগরের বিভিন্ন বস্তি এলাকায় এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।

Leave a Reply