You are currently viewing কক্সবাজার যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত দুই বন্ধু

কক্সবাজার যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত দুই বন্ধু

কক্সবাজারের চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোর সাড়ে চারটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বানিয়ারছড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ঢাকার উত্তরখান থানার আটিপাড়া এলাকার শহীদ ভূঁইয়ার ছেলে শরিফুল ইসলাম (৩০) এবং একই এলাকার অলিউল ইসলামের ছেলে রাইসুল ইসলাম (২৯)। তারা বুধবার রাতে মোটরসাইকেলে ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশে রওনা দেন। চকরিয়া এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি বাস তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়।

চিরিংগা হাইওয়ে থানার পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী ‘লাল সবুজ পরিবহন’-এর একটি বাস বানিয়ারছড়া এলাকায় একই লেনে থাকা মোটরসাইকেলটিকে পেছন থেকে আঘাত করে। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুই আরোহীর মৃত্যু হয়। একই সময় নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীতমুখী আরেক মোটরসাইকেলচালক আহত হন। তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

চিরিংগা হাইওয়ে থানার উপপরিদর্শক রবিউল ইসলাম জানান, দুর্ঘটনায় জড়িত বাস ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। নিহতদের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে এবং তারা ঢাকা থেকে চকরিয়ার উদ্দেশে রওনা হয়েছেন। তারা পৌঁছালে মরদেহ হস্তান্তর করা হবে।

নিহতদের সঙ্গে আরও দুই বন্ধু পৃথক মোটরসাইকেলে ভ্রমণে ছিলেন। তাদের একজন রুকন উদ্দিন জানান, তারা কক্সবাজার সৈকত ঘুরে একদিন পর ঢাকায় ফেরার পরিকল্পনা করেছিলেন। কিন্তু পথেই দুই বন্ধুকে হারাতে হলো।

রুকন উদ্দিন বলেন, নিহতরা দুজনই দক্ষ চালক ছিলেন এবং নতুন মোটরসাইকেল, লাইসেন্স, হেলমেট ও সুরক্ষা সরঞ্জাম ব্যবহার করছিলেন। তারপরও অন্যের দোষে প্রাণ দিতে হলো তাদের।

চিরিংগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল আমিন বলেন, বাসের চালক ও সহকারী দুর্ঘটনার পর পালিয়ে গেছেন। তাদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

Leave a Reply