You are currently viewing নির্বাচনে কারচুপির অবসান হবে—সিইসির আশ্বাস

নির্বাচনে কারচুপির অবসান হবে—সিইসির আশ্বাস

আগের মতো আর কোনো পাতানো নির্বাচন হবে না বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের প্রাঙ্গণে মনোনয়ন গ্রহণ ও বাতিলের বিরুদ্ধে চলমান চতুর্থ দিনের আপিল কার্যক্রমের বুথ পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন।

সিইসি জানান, যেসব প্রার্থী তাদের মনোনয়ন বৈধতা বা বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেছেন, সেসব আবেদন সম্পূর্ণ আইনি কাঠামোর মধ্যেই নিষ্পত্তি করা হবে। নির্বাচন কমিশন ন্যায়বিচারে বিশ্বাসী উল্লেখ করে তিনি বলেন, সব আবেদনকারীই যথাযথ বিচার পাবেন এবং নির্বাচনী মাঠে সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা হবে।

তিনি আরও আশ্বস্ত করেন, আপিল শুনানির পুরো প্রক্রিয়া হবে স্বচ্ছ ও নিরপেক্ষ। প্রতিটি আবেদন পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করে আইন অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলেও জানান সিইসি।

এদিকে বৃহস্পতিবার সকাল থেকেই দেশের বিভিন্ন এলাকা থেকে প্রার্থীরা আপিল আবেদন জমা দিতে নির্বাচন কমিশনে আসছেন। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ৫ থেকে ৯ জানুয়ারি বিকেল ৫টা পর্যন্ত আপিল আবেদন গ্রহণ করা হবে। এসব আবেদনের শুনানি আগামী ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে নির্বাচন ভবনের অডিটরিয়ামে (বেজমেন্ট-২) অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

এর আগে গত তিন দিনে মোট ২৯৫টি আপিল আবেদন জমা পড়েছে। এর মধ্যে বুধবার ১৩১টি, মঙ্গলবার ১২২টি এবং সোমবার প্রথম দিনে ৪১টি আবেদন দায়ের করা হয়।

উল্লেখ্য, গত ৪ জানুয়ারি মনোনয়ন যাচাইয়ের শেষ দিনে জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী আসনে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তারা মোট ২ হাজার ৫৬৮টি মনোনয়নপত্র পরীক্ষা করেন। এর মধ্যে ১ হাজার ৮৪২ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয় এবং ৭২৩ জনের প্রার্থিতা বাতিল করা হয়।

Leave a Reply