You are currently viewing বিএনপি–জামায়াতের দুই প্রার্থী কোটিপতি হিসেবে তালিকাভুক্ত

বিএনপি–জামায়াতের দুই প্রার্থী কোটিপতি হিসেবে তালিকাভুক্ত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১ (ছাগলনাইয়া–ফুলগাজী–পরশুরাম) আসনে এবার প্রধান লড়াই হতে যাচ্ছে বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রার্থীদের মধ্যে—এমনটাই মনে করছেন স্থানীয় ভোটাররা। এই আসনে দুই দলের মনোনীত প্রার্থীই কোটিপতি বলে জানা গেছে। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় উভয় প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে।

বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক মুন্সী রফিকুল আলম ওরফে মজনু। অপরদিকে জামায়াতে ইসলামীর প্রার্থী কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য এস এম কামাল উদ্দিন। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনায় দেখা যায়, রফিকুল আলম ও তাঁর স্ত্রীর সম্মিলিত সম্পদের পরিমাণ প্রায় ১৮ কোটি টাকা। অন্যদিকে জামায়াত প্রার্থী কামাল উদ্দিনের মোট সম্পদ প্রায় ১ কোটি ২৩ লাখ টাকা।

হলফনামার তথ্যমতে, রফিকুল আলমের বিরুদ্ধে মোট ১৬৮টি মামলা রয়েছে। এর মধ্যে ৫টি মামলার নিষ্পত্তি হয়েছে—৪টিতে খালাস এবং ১টিতে অব্যাহতি পেয়েছেন তিনি। অন্যদিকে কামাল উদ্দিনের বিরুদ্ধে দায়ের করা ৫টি মামলার মধ্যে ৪টিতে খালাস ও ১টিতে অব্যাহতি দেওয়া হয়েছে।

রফিকুল আলম ১৯৭২ সালের ১ মার্চ ফেনী সদর উপজেলার ইজ্জতপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ব্যবস্থাপনায় স্নাতকোত্তর ডিগ্রিধারী এবং পেশায় একজন ব্যবসায়ী। তাঁর মালিকানায় একাধিক ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। অন্যদিকে ১৯৬৩ সালের ৬ ফেব্রুয়ারি ফুলগাজী উপজেলার কালিকাপুর গ্রামে জন্ম নেওয়া কামাল উদ্দিন পেশায় একজন আইনজীবী।

হলফনামা অনুযায়ী, রফিকুল আলমের বাৎসরিক আয় ১ কোটি ২৪ লাখ ২৬ হাজার ৮৮৩ টাকা। তাঁর স্থাবর সম্পদের বাজারমূল্য ধরা হয়েছে ৭ কোটি ৭৬ লাখ ৩০ হাজার ৭০০ টাকা, যার মধ্যে বাড়ি, একাধিক ফ্ল্যাট ও দোকান অন্তর্ভুক্ত। অস্থাবর সম্পদের মধ্যে রয়েছে প্রায় ২৭ লাখ টাকা নগদ, ব্যাংকে জমা ৬৬ লাখ টাকার বেশি, ২০ লাখ টাকার এফডিআর, ৩৪ লাখ টাকার একটি নোহা মাইক্রোবাস এবং ৩০ লাখ টাকা মূল্যের ২০ ভরি স্বর্ণালংকার।

রফিকুল আলমের স্ত্রী নাজমুন নাহারের সম্পদের পরিমাণ আরও বেশি। তাঁর বাৎসরিক আয় ১৫ লাখ ৫৪ হাজার টাকা। স্থাবর সম্পদের মূল্য ১০ কোটি ৪১ লাখ ৪০ হাজার টাকা এবং অস্থাবর সম্পদের মধ্যে রয়েছে প্রায় ৩১ লাখ টাকা নগদ, ব্যাংকে জমা ২২ লাখ ৬৯ হাজার টাকা ও ৭৫ লাখ টাকা মূল্যের ৫০ ভরি স্বর্ণালংকার।

অন্যদিকে জামায়াত প্রার্থী এস এম কামাল উদ্দিনের বাৎসরিক আয় ১৬ লাখ ৬২ হাজার ১৯৪ টাকা। তাঁর মোট সম্পদের পরিমাণ ১ কোটি ২৩ লাখ ৮৮ হাজার ৫০২ টাকা। এর মধ্যে স্থাবর সম্পদের মূল্য ৬৬ লাখ ৮৫ হাজার ১৪৫ টাকা এবং অস্থাবর সম্পদের মূল্য ৫৭ লাখ ৩ হাজার ৩৫৭ টাকা।

হলফনামায় উল্লেখ করা হয়েছে, কামাল উদ্দিনের নগদ অর্থ রয়েছে প্রায় ১১ লাখ ৭৯ হাজার টাকা, ব্যাংকে জমা ২ লাখ ২৩ হাজার টাকা, শেয়ার ও বন্ডে বিনিয়োগ ২ লাখ ৭৯ হাজার টাকা এবং সঞ্চয়পত্র ও এফডিআরে রয়েছে প্রায় ২৫ লাখ টাকা। এ ছাড়া তাঁর মালিকানায় দুটি বাড়ি ও অ্যাপার্টমেন্ট রয়েছে, যার বাজারমূল্য ধরা হয়েছে প্রায় ৫২ লাখ টাকা।

Leave a Reply