দীর্ঘ ১০ বছর পর সোহাগী জাহান তনু হত্যা মামলাতে প্রথমবারের মতো কোনো অভিযুক্তকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেফতার হওয়া ব্যক্তি অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমান। পরে আদালত তাকে ৩ দিনের রিমান্ডে পাঠানোর নির্দেশ দেন।
বুধবার (২২ এপ্রিল) কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোমিনুল হক এই রিমান্ড আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেন তদন্ত কর্মকর্তা তারিকুল ইসলাম। এর আগে মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে ঢাকার কেরানীগঞ্জে নিজ বাসা থেকে হাফিজুর রহমানকে আটক করা হয়।
এর আগে চলতি বছরের ৬ এপ্রিল মামলার সপ্তম তদন্ত কর্মকর্তা তিন সন্দেহভাজন— সার্জেন্ট জাহিদ, অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমান এবং সৈনিক শাহিনুল আলমের ডিএনএ নমুনা ক্রস-ম্যাচের জন্য আদালতের অনুমতি চেয়েছিলেন।
আদালত সূত্র জানায়, এ মামলায় এখন পর্যন্ত ৮০টির বেশি ধার্য তারিখ পার হয়েছে এবং বিভিন্ন সংস্থার ৭ জন তদন্ত কর্মকর্তা দায়িত্ব পালন করেছেন।
এদিকে বুধবার বিকেল ৫টার দিকে তনুর বাবা-মা ও ছোট ভাই রুবেল হোসেন কুমিল্লা আদালতে উপস্থিত হন এবং তনুর বাবা-মায়ের জবানবন্দি গ্রহণের প্রক্রিয়া শুরু হয়।
