সিলেটে বিএনপির নির্বাচনী সমাবেশের আনুষ্ঠানিক সূচনা, কথা বলছেন স্থানীয় নেতৃত্ব

সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপির নির্বাচনী জনসভা শুরু হয়েছে। বৃহস্পতিবার (আজ) সকাল ১০টা ৫০ মিনিটে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জনসভার কার্যক্রম শুরু হয়। পরে বিএনপির স্থানীয় নেতারা পর্যায়ক্রমে বক্তব্য দেন।

সিলেটে আয়োজিত বিএনপির প্রথম নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে দলের চেয়ারম্যান তারেক রহমানের। বেলা সাড়ে ১১টার পর তাঁর সভামঞ্চে উপস্থিত হওয়ার কথা রয়েছে। সিলেট জেলা, মহানগর এবং সুনামগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে এই জনসভার আয়োজন করা হয়েছে।

জনসভায় সভাপতিত্ব করছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি সকাল ১০টা ৫৪ মিনিটে সভাস্থলে পৌঁছান। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে রয়েছেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।

জনসভায় শুভেচ্ছা বক্তব্য দেন সিলেট মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি এহসান। তিনি ছাত্রদলের নেতাকর্মীদের ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানান। এ সময় সিলেট মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি (এষ) বলেন, আজকের দিনটি তাদের জন্য স্বপ্ন পূরণের দিন। দীর্ঘদিনের প্রত্যাশা ছিল দলের চেয়ারম্যানকে নিয়ে সিলেটে জনসভা করার, যা আজ বাস্তবায়িত হয়েছে। তিনি ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন।

মঞ্চে উপস্থিত রয়েছেন সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আবদুল মুক্তাদীর, সিলেট-২ আসনের প্রার্থী তাহসিনা রুশদীসহ অন্যান্য নেতৃবৃন্দ। এ ছাড়া সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার বিএনপির সংসদ সদস্য প্রার্থীরাও জনসভায় অংশ নিয়েছেন। সিলেট জেলা ও মহানগর বিএনপির শীর্ষ নেতারাও অনুষ্ঠানে উপস্থিত আছেন।

উল্লেখ্য, বুধবার রাত ৮টার দিকে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আকাশপথে সিলেটে পৌঁছান। পরে তিনি হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেন। পাশাপাশি দরগাহ কবরস্থানে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানীর কবরেও শ্রদ্ধা নিবেদন করেন।

এরপর তিনি নগরের উপকণ্ঠে দক্ষিণ সুরমা উপজেলার বিরাইমপুর গ্রামে তাঁর শ্বশুরবাড়িতে যান। সেখানে নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দাদের উদ্দেশে বক্তব্য দেন। এর আগে সদ্য প্রয়াত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এবং জোবাইদা রহমানের প্রয়াত পরিবারের সদস্যদের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে কিছু সময় অবস্থান শেষে তিনি সিলেট বিমানবন্দরসংলগ্ন একটি হোটেলে ফিরে যান

Leave a Reply