You are currently viewing আজই শেষ সময়: প্রবাসীদের ব্যালট না এলে ভোট গণনায় আসবে না

আজই শেষ সময়: প্রবাসীদের ব্যালট না এলে ভোট গণনায় আসবে না

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নেওয়া প্রবাসী ভোটারদের পাঠানো পোস্টাল ব্যালট আজ ৫ ফেব্রুয়ারির মধ্যে দেশে না পৌঁছালে তা বাতিল হতে পারে বলে সতর্ক করেছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে প্রবাসী ভোটারদের সতর্ক করা হয়। এতে বলা হয়, ভোটাধিকার প্রয়োগের পর সংসদ নির্বাচন ও গণভোটের ব্যালট পেপার সাদা রঙের ব্যালট খামে রাখতে হবে। ঘোষণাপত্রে স্বাক্ষর করে সেই সাদা খামটি হলুদ রঙের খামের ভেতরে ঢুকিয়ে দ্রুত নিকটস্থ ডাকঘর বা ডাকবাক্সে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ৫ ফেব্রুয়ারির মধ্যে ব্যালট বাংলাদেশে না পৌঁছালে নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছানো সম্ভব নাও হতে পারে। ভোটের দিন বিকেল সাড়ে ৪টার মধ্যে যদি ব্যালট সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার হাতে না পৌঁছায়, তাহলে সেই ভোট গণনায় অন্তর্ভুক্ত করা হবে না।

এ কারণে প্রবাসী ভোটারদের যত দ্রুত সম্ভব পোস্টাল ব্যালট পাঠানোর জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে প্রথমবারের মতো প্রবাসী ভোটারদের পাশাপাশি দেশের ভেতরের তিনটি শ্রেণির ভোটার—সরকারি কর্মচারী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং কারাবন্দিদের জন্য পোস্টাল ভোটের ব্যবস্থা চালু করা হয়েছে।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, প্রবাসী ভোটার এবং দেশের অভ্যন্তরের এই তিন শ্রেণির ভোটার মিলিয়ে মোট ১৫ লাখ ৩৩ হাজার ভোটার পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করেছেন।

Leave a Reply