You are currently viewing গুন্ডা মাস্তান দিয়ে ভোট দখল আর সফল হবে না: মামুনুল হক

গুন্ডা মাস্তান দিয়ে ভোট দখল আর সফল হবে না: মামুনুল হক

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মওলানা মামুনুল হক বলেছেন, গুন্ডা-মাস্তান দিয়ে ভোটকেন্দ্র দখল, ব্যালট পেপার ছিনতাই এবং জনগণের রায় পরিবর্তনের অপচেষ্টা আর সফল হবে না। কেউ যদি এ ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হয়, তবে তার বিরুদ্ধে দেশব্যাপী কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে নেত্রকোণা জেলার দুর্গাপুর উপজেলার সুসং সরকারি কলেজ মাঠে ১১ দলীয় ঐক্যজোট আয়োজিত এক নির্বাচনী জনসভায় এসব কথা বলেন মামুনুল হক। তিনি বলেন, দেশ বর্তমানে দুটি ভাগে বিভক্ত—একদিকে ১১টি দল, অন্যদিকে একটি দল। জনগণ এবার তাদের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে ঐক্যবদ্ধ হয়েছে।

মামুনুল হক আরও বলেন, গত ৫৪ বছর ধরে শাসনের নামে এ দেশের মানুষের ওপর শোষণ চালানো হয়েছে। মানুষের বিশ্বাসের সঙ্গে বারবার বিশ্বাসঘাতকতা করা হয়েছে। স্বাধীন বাংলার মানুষের ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি।

তিনি বলেন, জুলাই বিপ্লবের চেতনা বাস্তবায়ন এবং শহীদদের রক্তের প্রতি সম্মান জানাতে আসন্ন নির্বাচনে জনগণকে সচেতনভাবে ভোট দিতে হবে। এ সময় তিনি ভোটারদের প্রতি আহ্বান জানান, ভোট দিয়ে ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে এবং গণভোটে ‘হ্যাঁ’ ভোট প্রদান করতে।

সমাবেশে আরও বক্তব্য রাখেন নেত্রকোণা-১ আসনের ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থী গোলাম রব্বানীসহ বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতাকর্মীরা। সমাবেশে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

Leave a Reply