ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ সামনে রেখে নাগরিকদের জন্য নির্ভরযোগ্য ও যাচাইকৃত তথ্য নিশ্চিত করতে বিশেষ টোল-ফ্রি হেল্পলাইন চালু করেছে সরকার। নির্বাচন কমিশনের সহায়তায় সরকারের এটুআই প্রকল্পের উদ্যোগে এই সেবা চালু করা হয়েছে, যেখানে ৩৩৩ নম্বরে ডায়াল করে প্রয়োজনীয় তথ্য পাওয়া যাবে।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, এই উদ্যোগের লক্ষ্য হলো নির্বাচন প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, অংশগ্রহণমূলক ও নাগরিকবান্ধব করা। বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের যেকোনো মোবাইল অপারেটর থেকে ৩৩৩-তে কল করে ৯ চাপলে নির্বাচন ও গণভোট সংক্রান্ত তথ্য জানা যাবে।
এই হেল্পলাইনের মাধ্যমে ভোটাররা ভোট দেওয়ার নিয়ম ও পদ্ধতি, ভোটকেন্দ্রের অবস্থান, জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত তথ্য, নির্বাচনকালীন আচরণবিধি, প্রবাসী ভোটারদের ভোটদানের প্রক্রিয়া, পাশাপাশি প্রতিবন্ধী, প্রবীণ ও নারী ভোটারদের জন্য বিশেষ সুবিধা সম্পর্কে জানতে পারবেন। এছাড়া জরুরি নির্দেশনা ও প্রয়োজনীয় যোগাযোগ নম্বরও সরবরাহ করা হবে।
এছাড়াও নির্বাচন কমিশনের অনুমোদিত স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি ও পোস্টাল ভোট বিডি অ্যাপ ব্যবহারের বিস্তারিত দিকনির্দেশনাও এই সেবার আওতায় দেওয়া হচ্ছে।
মন্ত্রণালয় জানায়, গত ১৬ জানুয়ারি পাইলট প্রকল্প হিসেবে চালু হওয়া এই হেল্পলাইন থেকে এখন পর্যন্ত ১ হাজার ৬৪৩ জন নাগরিক তথ্য ও সহায়তা নিয়েছেন। জাতীয় হেল্পলাইন ৩৩৩ নির্বাচন সংক্রান্ত গুজব, বিভ্রান্তি ও ভুল তথ্য প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশাবাদ প্রকাশ করা হয়েছে।
