বিএনপির চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তারেক রহমানকে অভিনন্দন জানালেন ন্যাশনাল লেবার পার্টির শীর্ষ নেতা ও কর্মকর্তারা
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান থেকে চেয়ারম্যান পদে নির্বাচিত হওয়ায় তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ১২ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা এবং ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মো. ফারুক রহমান। শনিবার (১০ জানুয়ারি) সকালে এক অভিনন্দন বার্তায় তিনি এই শুভেচ্ছা জানান।
এর আগে শুক্রবার (০৯ জানুয়ারি) রাতে রাজধানীর গুলশানে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে গঠনতন্ত্র অনুযায়ী সর্বসম্মতিক্রমে তারেক রহমানকে দলের চেয়ারম্যান পদে আসীন করার সিদ্ধান্ত নেওয়া হয়।
২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কারাবন্দি হওয়ার পর তারেক রহমানকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনোনীত করা হয়। এরপর ৩০ ডিসেম্বর খালেদা জিয়ার মৃত্যুজনিত কারণে চেয়ারম্যান পদ শূন্য হলে বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয় এবং তারেক রহমানকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়।
এদিকে তারেক রহমানকে বিএনপির চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা জানিয়েছেন ন্যাশনাল লেবার পার্টির অন্যান্য শীর্ষ নেতা ও কর্মকর্তা। এতে রয়েছেন মহাসচিব অ্যাডভোকেট মো. জাকির হোসেন, দলীয় মুখপাত্র মো. শরিফুল ইসলাম, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার মফিদার রহমান মজনু, কেন্দ্রীয় অর্থ সম্পাদক মো. হাবিবুর রহমান, কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক রানা, সাংগঠনিক সম্পাদক মো. মিলন, কেন্দ্রীয় সদস্যরা মো. আখতারুজ্জামান, মনিরুল ইসলাম খোকন, মো. রবিউল ইসলাম, ঢাকা মহানগর ন্যাশনাল লেবার পার্টির সভাপতি মাইদুল ইসলাম আসাদ, ন্যাশনাল ছাত্রমিশনের কেন্দ্রীয় সভাপতি মো. রেজাউল ইসলাম, সহসভাপতি নিয়ামুল ইসলাম সিয়াম ও সেক্রেটারি মো. সাব্বির হোসেন প্রমুখ।
এই অভিনন্দন বার্তায় রাজনৈতিক ঐক্য ও সহযোগিতার গুরুত্ব তুলে ধরে বিএনপি ও ন্যাশনাল লেবার পার্টির মধ্যে সুসম্পর্কের বার্তা প্রদান করা হয়েছে।
