You are currently viewing প্রত্যাবাসন ছাড়া রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান নেই: প্রধান উপদেষ্টা

প্রত্যাবাসন ছাড়া রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান নেই: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, মিয়ানমারের রাখাইন রাজ্যে নিজ ভূমিতে দশ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থীর প্রত্যাবাসনই এই সংকটের একমাত্র কার্যকর ও টেকসই সমাধান। রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের সক্রিয় ভূমিকা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

বুধবার (২৯ জানুয়ারি) রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউএনএইচসিআরের নবনিযুক্ত কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ আইভো ফ্রেইজেনের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, ফলে এর সমাধানও সেখান থেকেই আসতে হবে। তিনি জানান, শরণার্থী শিবিরে প্রযুক্তির সুযোগসহ এক হতাশ ও ক্ষুব্ধ তরুণ প্রজন্ম গড়ে উঠছে, যা কারও জন্যই ইতিবাচক নয়। “আমাদের দায়িত্ব হলো শান্তি ও মর্যাদার সঙ্গে তাদের নিজ দেশে ফিরে যাওয়ার পথ নিশ্চিত করা,” বলেন তিনি।

ড. মুহাম্মদ ইউনূস আরও বলেন, শরণার্থী শিবিরে দীর্ঘদিন রোহিঙ্গাদের অবস্থান কোনো স্থায়ী সমাধান নয়; বরং এতে ধীরে ধীরে উত্তেজনা বাড়ছে। প্রত্যাবাসন প্রক্রিয়া এগিয়ে নিতে নতুন করে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের ওপর গুরুত্ব দেন তিনি।

বৈঠকে কক্সবাজারের রোহিঙ্গা শিবিরগুলোতে সহায়তা তহবিল কমে যাওয়ার বিষয়টি তুলে ধরা হয়। পাশাপাশি ভাসানচরের বর্তমান পরিস্থিতি এবং দেশের আসন্ন নির্বাচন নিয়েও আলোচনা হয়।

Leave a Reply