You are currently viewing সন্তান ও ভাইকে হত্যার আশঙ্কা জানিয়ে থানায় জিডি হাদির

সন্তান ও ভাইকে হত্যার আশঙ্কা জানিয়ে থানায় জিডি হাদির

সন্তান ও ভাইকে হত্যার আশঙ্কায় শাহবাগ থানায় জিডি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির সন্তান ও ভাইকে হত্যা করা হতে পারে—এমন আশঙ্কায় নিরাপত্তা চেয়ে শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

শনিবার (২৪ জানুয়ারি) রাতে শাহবাগ থানায় এ জিডি করেন শরিফ ওসমান হাদির মেজো ভাই ওমর বিন হাদি। জিডির বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান।

ওসি মনিরুজ্জামান বলেন, “হাদির ভাই নিরাপত্তা চেয়ে জিডি করেছেন। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করছি।”

জিডিতে ওমর বিন হাদি উল্লেখ করেন, শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের পর থেকেই তিনি ও হাদির সন্তানকে খুন করা হতে পারে—এমন আশঙ্কায় ভুগছেন। কারণ এখনো হাদির হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করা হয়নি। ফলে হত্যাকারীরা যেকোনো সময় নতুন কোনো অপ্রীতিকর ঘটনার চেষ্টা করতে পারে বলে তিনি আশঙ্কা করছেন।

এছাড়া জিডিতে আরও বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন গ্রুপ ও ফেসবুক আইডি থেকে তাদের পরিবারের সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে অপপ্রচার চালানো হচ্ছে। পাশাপাশি ওমর বিন হাদিকে হত্যার হুমকিও দেওয়া হচ্ছে। এসব কারণে তিনি ও শহীদ হাদির সন্তান চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জিডিতে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, সম্প্রতি অন্তর্বর্তী সরকার যুক্তরাজ্যের বার্মিংহামে অবস্থিত বাংলাদেশের সহকারী হাইকমিশনে দ্বিতীয় সচিব পদে ওমর বিন হাদিকে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে জনস্বার্থে এ নিয়োগের বিষয়টি জানানো হয়।

এর আগে গত ১২ ডিসেম্বর দুর্বৃত্তদের গুলিতে আহত হন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি। পরে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলে ১৮ ডিসেম্বর তিনি মারা যান। ২০ ডিসেম্বর জাতীয় সংসদ ভবন এলাকায় তার জানাজা অনুষ্ঠিত হয়।

Leave a Reply