আওয়ামী লীগ সরকারের শাসনামলে শতাধিক গুম ও হত্যার ঘটনায় অভিযুক্ত সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে বিচারিক কার্যক্রম শুরু হচ্ছে আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাঁর বিরুদ্ধে প্রসিকিউশনের সূচনা বক্তব্য উপস্থাপন এবং সাক্ষ্যগ্রহণের দিন নির্ধারিত রয়েছে।
রোববার (৮ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ মামলার বিচারিক কার্যক্রম শুরু হয়। ট্রাইব্যুনাল সূত্র জানায়, জিয়াউল আহসানের বিরুদ্ধে গুমসংক্রান্ত অভিযোগে সাক্ষ্য দিতে সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া ট্রাইব্যুনালে উপস্থিত হয়েছেন।
বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে গঠিত তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ এ মামলার শুনানি পরিচালনা করছে। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
প্রসিকিউশন সূত্রে জানা গেছে, শুনানির শুরুতে মামলার প্রেক্ষাপট তুলে ধরে ওপেনিং স্টেটমেন্ট উপস্থাপন করা হবে। এরপর প্রথম সাক্ষীর জবানবন্দির মাধ্যমে সাক্ষ্যগ্রহণের মূল পর্ব শুরু হবে।
এর আগে গত ১৪ জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জিয়াউল আহসানের বিরুদ্ধে বিচার শুরুর নির্দেশ দেন এবং আজকের দিনটি সাক্ষ্যগ্রহণের জন্য ধার্য করেন।
উল্লেখ্য, গত ১৭ ডিসেম্বর প্রসিকিউশনের পক্ষে আনুষ্ঠানিক অভিযোগপত্র আদালতে উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি জানান, গুম কমিশনের প্রতিবেদনসহ অভিযোগ প্রমাণে প্রয়োজনীয় সব তথ্য ও প্রমাণ আদালতে দাখিল করা হবে। পরে ট্রাইব্যুনাল অভিযোগগুলো আমলে নিয়ে আনুষ্ঠানিকভাবে বিচার শুরুর আদেশ দেন।
