নেত্রকোনার মোহনগঞ্জে পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিপা আক্তার (২০) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন। বুধবার (৮ এপ্রিল) বিকেল ৪টার দিকে উপজেলার পানুর গ্রামে মোহনগঞ্জ-নেত্রকোনা আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত জেলার পূর্বধলা উপজেলার চান্দুরা গ্রামের মোহাম্মদ তারা মিয়া ও ফরিদা আক্তারের মেয়ে। নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে তিনি মাকে সঙ্গে নিয়ে মোহনগঞ্জ সরকারি কলেজে অনার্স পরীক্ষা দিতে আসেন। পরীক্ষা শেষে বিকেলে সিএনজিচালিত অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন তারা। পথে পানুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া ট্রাক অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি সড়ক থেকে ছিটকে পাশের ধানক্ষেতে পড়ে যায়। এতে মা-মেয়ে দুজনই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে অবস্থার অবনতি হলে নিপাকে ঢাকায় নেওয়ার সিদ্ধান্ত হয়। তবে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। নিহত নিপার ভাই রুহুল আমীন বলেন, ‘পরীক্ষা শেষে বাসায় ফেরার পথেই দুর্ঘটনাটি ঘটে। ময়মনসিংহ থেকে ঢাকায় নেওয়ার পথে আমার বোন মারা যায়। আমার মা হাসপাতালে চিকিৎসাধীন।’ জানা গেছে, আহত ফরিদা আক্তারকে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর ট্রাক ও অটোরিকশা ফেলে চালকরা পালিয়ে যায়।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে বাহন দুটি জব্দ করে থানায় নিয়ে যায়। মোহনগঞ্জ থানার ওসি মো. হাফিজুল ইসলাম হারুণ জানান, নিপা আক্তারের মৃত্যুর বিষয়টি স্বজনদের মাধ্যমে জেনেছি। এ ঘটনায় এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে
নেত্রকোনার মোহনগঞ্জে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রী নিপা আক্তার নিহত
- Post published:April 9, 2026
- Post category:বাংলাদেশ
- Post comments:0 Comments
Tags: কলেজছাত্রী নিহত, নিপা আক্তার, নেত্রকোনা, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল, মোহনগঞ্জ, সড়ক দুর্ঘটনা
