ভারতের আসাম রাজ্যের নুমালিগড় রিফাইনারি থেকে বাংলাদেশে ৫ হাজার মেট্রিক টন ডিজেল পাঠানো হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) বাণিজ্য ও অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক মুহাম্মদ মোরশেদ হোসাইন আজাদ।
তিনি জানান, ইতোমধ্যে ডিজেল পাম্পিং কার্যক্রম শুরু হয়েছে এবং পাইপলাইনের মাধ্যমে আগামী মঙ্গলবারের মধ্যে এ জ্বালানি বাংলাদেশে পৌঁছাবে। দেশের জ্বালানি তেলের মজুত স্বাভাবিক রাখা এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতেই সরকার জরুরি ভিত্তিতে এই পদক্ষেপ নিয়েছে।
এর আগে জ্বালানি সংকট মোকাবিলায় রোববার বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর কাছে বাংলাদেশ-ভারত পাইপলাইন ব্যবহার করে আগামী চার মাসে অতিরিক্ত ৫০ হাজার মেট্রিক টন ডিজেল আনার আনুষ্ঠানিক প্রস্তাব দেন।
