ঢাকা–৮ আসনকে মাদকমুক্ত করার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ১১–দলীয় জোটের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। মাদকবিরোধী বার্তায় তিনি বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে এক দলের কর্মীরা মাদক সেবন করছে। বেশি খেতে ইচ্ছা করলে বুড়িগঙ্গার পানি খান, কিন্তু মাদক সেবন করবেন না।”
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর দৈনিক বাংলা মোড়ে লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
পাটওয়ারী বলেন, এলাকায় ‘মাদক সম্রাট’ হিসেবে পরিচিত ব্যক্তিরা কর্মীদের হাতে অস্ত্র ও মাদক তুলে দিচ্ছে। এ বিষয়ে সংশ্লিষ্টদের উদ্দেশে তিনি বলেন, কর্মীদের হাতে মাদক ও অস্ত্র তুলে দেবেন না—কারণ মাদকাসক্ত কর্মী একসময় নিজের লোকজনের ওপরই আঘাত হানতে পারে। কর্মীদের মাদক থেকে দূরে রাখার আহ্বান জানান তিনি।
অনলাইনে গেমস প্রসঙ্গে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সামাজিক লড়াই এখন সব জায়গায় ছড়িয়ে পড়েছে। যারা সরাসরি মাঠে আসতে পারে না, তারা অনলাইনে প্রতিবাদের ভাষা খুঁজে নিচ্ছে। চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদক ব্যবসার বিরুদ্ধে বিভিন্ন মাধ্যমে প্রতিরোধ গড়ে উঠছে বলেও মন্তব্য করেন তিনি।
নির্বাচনী এলাকায় পোস্টার ছেঁড়ার অভিযোগ তুলে পাটওয়ারী বলেন, তাঁদের ব্যানার ও পোস্টার রাতের আঁধারে ছিঁড়ে ফেলা হচ্ছে। নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী ২০টি বিলবোর্ডের অনুমতি থাকলেও এক ব্যক্তির শত শত বিলবোর্ড লাগানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এসব টাকার উৎস নিয়েও প্রশ্ন তোলেন পাটওয়ারী।
তিনি বলেন, তাঁদের প্রচারণা ক্রাউড ফান্ডিংয়ের অর্থে পরিচালিত হচ্ছে। জনগণের দেওয়া অর্থে সীমিতসংখ্যক পোস্টার ও ব্যানার লাগানো হলেও সেগুলোও তুলে নেওয়া হচ্ছে। একই সঙ্গে নির্বাচন কমিশন, প্রশাসন ও একটি রাজনৈতিক দলের মধ্যে যোগসাজশের অভিযোগের কথাও তুলে ধরেন তিনি।
নারীদের ওপর হামলার অভিযোগ করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, এ ধরনের আক্রমণ আর সহ্য করা হবে না। তিনি জানান, তাঁরা ধৈর্য ধরলেও নির্বাচন ঘিরে কোনো ধরনের কারচুপি বা কেন্দ্র দখলের চেষ্টা হলে জনগণকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধের আহ্বান জানানো হচ্ছে।
